স্তন ক্যান্সার নির্ণয়ে রেডিওলজিস্টের অপেক্ষা নয়, ভরসা এবার হাতের মুঠোয়!

স্তন ক্যান্সার নির্ণয়ে রেডিওলজিস্টের অপেক্ষা নয়, ভরসা এবার হাতের মুঠোয়!

 

স্তন ক্যান্সার শনাক্তকরণে যুগান্তকারী প্রযুক্তি: গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রেও মিলবে সুবিধা

নিজস্ব প্রতিবেদক:
প্রান্তিক ও গ্রামীণ স্তরের স্বাস্থ্যকেন্দ্রে স্তন ক্যান্সার দ্রুত শনাক্তকরণের লক্ষ্যে এক অভিনব ও সাশ্রয়ী প্রযুক্তি উদ্ভাবন করেছেন গবেষকরা। এই প্রযুক্তির মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র কিংবা গ্রামীণ হাসপাতালেও অত্যন্ত দক্ষতার সঙ্গে স্তন ক্যান্সার শনাক্তকরণ সম্ভব হবে, যা উন্নয়নশীল দেশগুলোর জন্য এক বিশেষ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

আমেরিকান সোসাইটি অফ ক্লিনিক্যাল অঙ্কোলজি (অ্যাসকো)-র আন্তর্জাতিক গবেষণা পত্রিকা ‘জেসিও গ্লোবাল অঙ্কোলজি’-তে সম্প্রতি এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত কলকাতার পিজি হাসপাতাল এবং কেরালার মালাবার ক্যান্সার কেয়ার সোসাইটিতে পরিচালিত এই গবেষণায় নেতৃত্ব দিয়েছেন ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের (আইএআরসি) গবেষক পার্থ বসু এবং পিজি হাসপাতালের জেনারেল সার্জারি বিভাগের তৎকালীন শিক্ষক-চিকিৎসক দীপ্তেন্দ্র সরকার।

গবেষণায় ৪০ থেকে ৭৫ বছর বয়সি ৩১৯ জন মহিলার ওপর পরীক্ষা চালানো হয়। এই পদ্ধতিতে একটি বহনযোগ্য হ্যান্ড-হেল্ড আলট্রাসাউন্ড প্রোব ব্যবহার করা হয়েছে, যা ট্যাব বা স্মার্টফোনের সাথে সংযুক্ত করা যায়। বিশেষ দিক হলো, এই যন্ত্রটি চালাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ বা উচ্চগতির ইন্টারনেটের প্রয়োজন নেই এবং এটি আকারে ছোট হওয়ায় সহজে বহনযোগ্য।

গবেষণায় দেখা গেছে, প্রশিক্ষিত নন-রেডিওলজিস্ট চিকিৎসকদের দ্বারা পরিচালিত এই পরীক্ষায় রোগ শনাক্তকরণের সংবেদনশীলতা (সেনসিটিভিটি) ৯৪.৪ শতাংশ এবং নির্দিষ্টতা (স্পেসিফিসিটি) ৭৬.৭ শতাংশ। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো, এই পদ্ধতিতে অপ্রয়োজনীয় রেফারেলের হার প্রায় ৫০ শতাংশ কমেছে। স্ক্রিনিংয়ের সময় শনাক্ত হওয়া ৩৭টি ক্যান্সারের একটিও পরবর্তী স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়েনি।

ভারতজুড়ে স্তন ক্যান্সারের ক্রমবর্ধমান প্রকোপের পরিপ্রেক্ষিতে এই প্রযুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। আইসিএমআর-এর ন্যাশনাল ক্যান্সার রেজিস্ট্রি প্রোগ্রামের ২০২৫-এর পূর্বাভাস অনুযায়ী, দেশে মহিলাদের মধ্যে স্তন ক্যান্সারের সম্ভাব্য রোগীর সংখ্যা ২,৩৮,৯০৮।

চিকিৎসক দীপ্তেন্দ্র সরকারের মতে, এই প্রযুক্তি চূড়ান্ত রোগনির্ণয়ের বিকল্প নয়, তবে প্রাথমিক স্তরে ঝুঁকি শনাক্ত করার ক্ষেত্রে এটি অত্যন্ত কার্যকর। তিনি বলেন, “যেসব এলাকায় রেডিওলজিস্টের অভাব রয়েছে, সেখানে এই প্রযুক্তি সময় ও খরচ কমিয়ে দ্রুত রোগ চিহ্নিত করতে সাহায্য করবে, যা ক্যান্সার নিরাময়ের সম্ভাবনা বাড়িয়ে তুলবে।”

বিশেষজ্ঞরা মনে করছেন, কম খরচে এবং সহজে ব্যবহারযোগ্য এই প্রযুক্তি গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোয় ক্যান্সার চিকিৎসার মানচিত্র বদলে দিতে পারে। এই গবেষণায় দীপ্তেন্দ্র সরকার ও পার্থ বসুর পাশাপাশি দেশি-বিদেশি একঝাঁক বিশেষজ্ঞ চিকিৎসক ও গবেষক যুক্ত ছিলেন এবং এতে আর্থিক সহায়তা প্রদান করেছে আইএআরসি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *