নতুন ‘বঞ্চিত তালিকা’ নিয়ে দীপকের মনে কেন এত উদ্বেগ!

চলমান নিয়োগ প্রক্রিয়া শেষ হলেই নতুন নিয়োগ, প্ররোচনায় পা না দেওয়ার পরামর্শ মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন: রাজ্যে নতুন শিক্ষক নিয়োগ প্রসঙ্গে বুধবার গুরুত্বপূর্ণ বার্তা দিলেন স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বর্তমান নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরই নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করবে রাজ্য সরকার।
বিকাশ ভবনের সামনে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী বলেন, “আন্দোলন করে বা প্ররোচনায় পা দিয়ে নিয়োগ প্রক্রিয়া ত্বরান্বিত হবে না। সরকার তার নিয়ম মেনেই কাজ করবে। প্রার্থীদের বলব, আপনারা পড়াশোনায় মন দিন, নিজ যোগ্যতায় চাকরি পাবেন।”
সম্প্রতি ২০২২ সালের প্রাথমিক টেট উত্তীর্ণ এবং ডিএলএড ঐক্যমঞ্চের চাকরিপ্রার্থীরা ২০২৫ সালের ১৩,৪২১টি শূন্যপদের সঙ্গে নতুন ৪,৪৩২টি পদ যুক্ত করার দাবিতে সল্টলেকে বিকাশ ভবনের সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেছিলেন। পাশাপাশি উচ্চ মাধ্যমিক স্কুলের পার্টটাইম শিক্ষকরাও বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছিলেন। মন্ত্রী উভয় পক্ষের প্রতিনিধিদের সঙ্গেই কথা বলেন।
তিনি স্পষ্ট করে দেন, শূন্যপদ বাড়ানোর দাবি মেনে নেওয়া সম্ভব নয়। মন্ত্রীর কথায়, “নানা জায়গা থেকে প্ররোচনা দিয়ে ‘বঞ্চিত তালিকা’ তৈরি করা হচ্ছে। এভাবে সবাইকে চাকরি দেওয়া সম্ভব হলে আগামী ২০ বছরে নতুন কোনো ছেলেমেয়ে চাকরি পাবে না। তদ্বির বা দুর্নীতির আশ্রয় নিয়ে সরকারের ওপর চাপ সৃষ্টি করা সমাজ ও শিক্ষা ব্যবস্থার জন্য বিপজ্জনক।”
এদিন উচ্চ মাধ্যমিক স্তরের পার্টটাইম শিক্ষকদের বেতন বৃদ্ধির দাবির বিষয়ে মন্ত্রী জানান, এই বিষয়টি স্কুলের নিজস্ব বিষয়, দপ্তরের নয়। তবে তিনি সমস্যাটির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বলে আশ্বস্ত করেছেন।
সবশেষে প্রার্থীদের সতর্ক করে মন্ত্রী বলেন, বিভ্রান্ত না হয়ে আগামী দিনের নিয়োগ পরীক্ষার জন্য নিজেদের প্রস্তুত রাখুন। সরকারের লক্ষ্য স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়া বজায় রাখা, তাই কোনো ধরনের অনৈতিক পথে না গিয়ে যোগ্যতার ওপর ভরসা রাখতে বলেন তিনি।
