‘স্বাধীনতা সংগ্রামীরা গুলি খেয়েছেন, আর আপনি ডিমকে ভয় পাচ্ছেন?’ সুপ্রিম কোর্টে ঝটকা খেলেন মহুয়া! – এবেলা

এবেলা ডেস্কঃ
বিদ্বেষমূলক মন্তব্যের মামলায় সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। পুলিশের সামনে সশরীরে হাজির না হয়ে ভার্চুয়াল মাধ্যমে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য তিনি যে আর্জি জানিয়েছিলেন, তা খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। ফলে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে তাঁকেই সরাসরি থানায় গিয়ে তদন্তে সহযোগিতা করতে হবে।
বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি শীল নাগুর বেঞ্চের সামনে মহুয়া মৈত্রের আইনজীবী গোপাল শঙ্করনারায়ণন দাবি করেন, এর আগে লোকসভা কেন্দ্রের থানায় যাওয়ার পথে তাঁর মক্কেলকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছিল। তাই নিরাপত্তাহীনতা ও ‘ডিম থেরাপি’র আশঙ্কায় তিনি ভার্চুয়ালি হাজির হতে চান।
তবে এই যুক্তিতে বিন্দুমাত্র কান দেয়নি শীর্ষ আদালত। মহুয়ার আইনজীবীর উদ্দেশ্যে বেঞ্চ মন্তব্য করে, “আপনি সংসদের একজন সদস্য। রাজনীতি করতে নেমে আপনি সামান্য ডিমকে ভয় পাচ্ছেন? আমাদের স্বাধীনতা সংগ্রামীরা তো দেশের জন্য বুক পেতে গুলি খেয়েছেন! এ ধরনের আবেদন সুপ্রিম কোর্টে আসা উচিত নয়।”
উল্লেখ্য, গত ২১ জুলাই কলকাতা হাইকোর্ট মহুয়া মৈত্রকে ৫ অক্টোবর পর্যন্ত গ্রেপ্তারি থেকে অন্তর্বর্তী স্বস্তি দিলেও, তদন্তের প্রয়োজনে থানায় হাজির থাকার নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের সেই নির্দেশে হস্তক্ষেপ করতে রাজি হয়নি সুপ্রিম কোর্ট।
