“হিন্দু সমাজের আসল পথপ্রদর্শক মোহন ভাগবত”, জেন জি-দের নিয়ে সংঘ প্রধানের বার্তা সমর্থন দিলীপের! – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS) প্রধান মোহন ভাগবতকে পুরো হিন্দু সমাজের ‘অভিভাবক, বন্ধু ও পথপ্রদর্শক’ বলে অভিহিত করলেন বিজেপি নেতা তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ। সম্প্রতি মুম্বইয়ে ‘ইন্ডিয়াজ ইন্টারন্যাশনাল মুভমেন্ট টু ইউনাইট নেশনস’-এর একটি অনুষ্ঠানে ‘জেন জি’ (Gen Z) বা নতুন প্রজন্মের উদ্দেশে দেওয়া মোহন ভাগবতের বার্তাকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, NEET পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস বিরোধী আন্দোলন এবং দিল্লির যন্তর-মন্তরে পরীক্ষার্থীদের প্রতিবাদ প্রসঙ্গে মোহন ভাগবত মন্তব্য করেছিলেন যে— সরকারের বিরোধিতা করা বা প্রতিবাদে নামা মানেই দেশ বিরোধী কাজ করা নয়। তরুণ প্রজন্ম শিক্ষা ব্যবস্থার সংস্কার এবং দেশের ভালো চায় বলেই সরব হয়েছে। তবে এই প্রতিবাদের একটি সঠিক দিশা থাকা প্রয়োজন।
মোহন ভাগবতের এই বক্তব্যকে স্বাগত জানিয়ে দিলীপ ঘোষ বলেন:
“সমাজ যখনই সংকটে পড়ে বা তরুণ প্রজন্ম ভুল পথে চালিত হয়, তখনই মোহন ভাগবতের মতো ব্যক্তিত্বরা সঠিক পথ দেখান। তিনি একাধারে হিন্দু সমাজের বন্ধু, দার্শনিক ও অভিভাবক। তরুণদের কথা শোনা এবং তাঁদের সঠিক দিশা দেওয়া তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে।”
এর পাশাপাশি যুব সমাজকে সতর্ক করে দিয়ে দিলীপ ঘোষ আরও জানান, অনেক সময় সোশ্যাল মিডিয়া বা বিদেশি চক্রান্তের ফাঁদে পড়ে কিশোর-কিশোরী ও তরুণরা ভুল পথে চালিত হয়। আবেগপ্রবণ হয়ে তারা এমন কিছু কাজ করে ফেলে যা অনভিপ্রেত। তবে তাদের দেশদ্রোহী তকমা না দিয়ে, কাউন্সেলিং-এর মাধ্যমে সঠিক পথে ফিরিয়ে আনাই প্রধান কাজ। সংঘ প্রধান সেই উদ্যোগই নিচ্ছেন, যা অত্যন্ত প্রশংসনীয়।
