হজে গিয়ে নিখোঁজ বাবা-মা, খোঁজ নিতে গিয়েই খুন ছেলে!

এবেলা ডেস্কঃ
ঝাড়খণ্ডে হজের নামে প্রতারণা ও যুবককে খুনের অভিযোগ, পলাতক মৌলানাসহ অভিযুক্তরা
নিজস্ব প্রতিবেদন, গিরিডি: ঝাড়খণ্ডের গিরিডি জেলার ধানওয়ার থানা এলাকায় এক যুবককে পিটিয়ে ও শ্বাসরোধ করে খুনের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত যুবকের নাম হায়দার আনসারি (২৬)। তিনি গিরিডির হেরোডি থানা এলাকার চারঘড়ার বাসিন্দা ছিলেন। এই ঘটনায় মৌলানা ইলিয়াস আনসারি সহ আটজনের বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর স্থানীয় এক মাদ্রাসার মৌলানা ইলিয়াস আনসারির মাধ্যমে হায়দারের বাবা ও মা হজ করতে সৌদি আরবে যান। এই ট্যুরের জন্য ইলিয়াসকে ৩০,০০০ টাকা দেওয়া হয়েছিল। চুক্তি অনুযায়ী গত ২৪ অক্টোবর তাঁদের ফেরার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বাবা-মা না ফেরায় হায়দার উদ্বিগ্ন হয়ে পড়েন।
গত ৫ নভেম্বর হায়দার এ বিষয়ে জানতে মাদ্রাসায় গেলে মৌলানা ইলিয়াসের সঙ্গে তাঁর তীব্র বচসা হয়। বাবা-মায়ের খোঁজ না পাওয়ায় হায়দার পুলিশে অভিযোগ জানানোর হুমকি দেন। অভিযোগ, এরপরই মাদ্রাসা থেকে ফেরার পথে ধানওয়ার থানার খড়িমহুয়া মসজিদের কাছে ইলিয়াস ও তার সঙ্গীরা হায়দারের পথ আটকায়। সেখানে তাঁকে বেধড়ক মারধর করা হয় এবং শেষ পর্যন্ত শ্বাসরোধ করে খুন করা হয়। নিথর দেহ রাস্তায় ফেলে রেখে অভিযুক্তরা পালিয়ে যায়।
নিহতের ভাই পারভেজ আনসারি জানান, মৌলানা ইলিয়াস আনসারি, সানাউল্লাহ আনসারি, আফজল আনসারি, আবিদ আনসারি, আসাদ আনসারি, আদনান আনসারি, নাসিদ আনসারি ও বাবা ইসলাম-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে পরিকল্পিত খুনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া মৌলানা ইলিয়াসের বিরুদ্ধে হজের নামে বেআইনি ট্রাভেল এজেন্সি চালানোরও গুরুতর অভিযোগ উঠেছে।
পুলিশ জানিয়েছে, খবর পেয়েই ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। অভিযুক্তরা পলাতক থাকায় তাদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান শুরু হয়েছে। দ্রুত দোষীদের গ্রেপ্তার করা হবে বলে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।
