২৫ বিধায়কের হুঙ্কারে টলমল ওমর সরকার, কাশ্মীরের রাজনীতিতে চূড়ান্ত অস্থিরতা!

২৫ বিধায়কের হুঙ্কারে টলমল ওমর সরকার, কাশ্মীরের রাজনীতিতে চূড়ান্ত অস্থিরতা!

এবেলা ডেস্কঃ

 

দলীয় বিধায়কদের বিদ্রোহে সংকটে ওমর আবদুল্লার সরকার, আসরে নামলেন ফারুক আবদুল্লা

শ্রীনগর: দলীয় বিধায়কদের নজিরবিহীন বিদ্রোহের মুখে পড়ে সংকটের মুখে পড়েছে জম্মু-কাশ্মীরের ওমর আবদুল্লা সরকার। পরিস্থিতি সামাল দিতে এবং দলের অখণ্ডতা রক্ষা করতে আসরে নামতে হয়েছে ন্যাশনাল কনফারেন্স (এনসি) সভাপতি তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাকে।

সূত্রের খবর, এনসি-র ২৫ জন বিধায়ক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার কার্যপদ্ধতিতে তীব্র অসন্তোষ প্রকাশ করে ইস্তফার হুঁশিয়ারি দিয়েছেন। বিক্ষুব্ধ বিধায়কদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে উপমুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী ও মুখ্যমন্ত্রীর উপদেষ্টা নাসির আসলাম ওয়ানিকে পদ থেকে অপসারণ। এছাড়া, দীর্ঘ সময় মন্ত্রিত্বে থাকা ব্যক্তিদের বদলে নতুন মুখ আনা এবং দুর্নীতিতে অভিযুক্ত নেতা ও আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন তাঁরা।

পরিস্থিতি মোকাবিলায় শুক্রবার শ্রীনগরে নিজের বাসভবনে বিক্ষুব্ধ বিধায়কদের নিয়ে দীর্ঘ বৈঠক করেন ফারুক আবদুল্লা। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাও। বৈঠক শেষে ফারুক আবদুল্লা দলীয় ভাঙনের সম্ভাবনা উড়িয়ে দিয়ে বলেন, “আমি বিধায়কদের অভিযোগ শুনেছি। খুব দ্রুতই এগুলোর সমাধান করা হবে।”

তবে ফারুক আবদুল্লার আশ্বাসেও পুরোপুরি আশ্বস্ত নন বিদ্রোহীরা। বিক্ষুব্ধ বিধায়ক নাজির গুরেজি স্পষ্টভাবে জানিয়েছেন, দাবি পূরণ না হলে তাঁরা বিকল্প পথ বেছে নিতে বাধ্য হবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, গত ৩০ অক্টোবর থেকে ৫ নভেম্বরের মধ্যে এই বিধায়করা অন্তত পাঁচটি গোপন বৈঠক করেছেন। এই বিদ্রোহের পেছনে বিজেপির এক প্রভাবশালী কেন্দ্রীয় নেতার মদত রয়েছে বলেও গুঞ্জন ছড়িয়েছে।

বর্তমানে এনসি জোটের হাতে রয়েছে ৫৩টি আসন। সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৪৬টি আসন। যদি ২৫ জন বিক্ষুব্ধ বিধায়ক ইস্তফা দেন, তবে শাসক জোটের আসন সংখ্যা কমে ২৮-এ নেমে আসবে, যা সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় সংখ্যার চেয়ে অনেক কম। এমন পরিস্থিতিতে ওমর আবদুল্লার সরকারের অস্তিত্ব এখন বড়সড় প্রশ্নের মুখে। সংসদ সদস্য আগা রুহুল্লাহ মেহদির ইতিমধ্যে পদত্যাগের বিষয়টি সরকারপক্ষের সংকটকে আরও ঘনীভূত করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *