হাইকোর্টে ধাক্কা ঋতব্রতদের, ‘আসল তৃণমূল’ হওয়ার দাবি খারিজ করল বেঞ্চ – এবেলা

এবেলা ডেস্কঃ
অ্যাকাউন্ট সংক্রান্ত আইনি জটিলতায় চরম বিপাকে পড়েছে কালীঘাট-তৃণমূল। পুলিশ এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED) দফায় দফায় একাধিক অ্যাকাউন্ট ফ্রিজ করায় দলের আর্থিক কর্মকাণ্ড কার্যত স্থবির। যদিও কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশে সাময়িক স্বস্তি মিলেছিল, কিন্তু ইডি-র পরবর্তী পদক্ষেপের ফলে বিপদ আরও ঘনীভূত হয়েছে। এই পরিস্থিতির মধ্যেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নিজেকে ‘আসল তৃণমূল’ দাবি করে ওই অ্যাকাউন্টগুলো ব্যবহারের অধিকার চেয়ে হাইকোর্টে মামলা করার আবেদন জানিয়েছিলেন। তবে সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চ সেই আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে।
আদালতে কী হলো? সোমবার শুনানিতে ঋতব্রতদের আইনজীবী নিম্ন আদালতের একটি রায়কে হাতিয়ার করে অ্যাকাউন্ট ব্যবহারের অনুমতি চান। পাল্টা ইডি-র আইনজীবী এস ভি রাজু দাবি করেন, নিম্ন আদালত ইতিমধ্যেই ওই অ্যাকাউন্ট ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে, যা আজ হাইকোর্টে চেপে যাওয়া হয়েছে। বিচারপতি কৃষ্ণা রাও এই প্রসঙ্গে প্রশ্ন তোলেন, নিম্ন আদালতের ওই মামলায় কালীঘাটপন্থী তৃণমূলকে কি পার্টি করা হয়েছিল?
তৃণমূলের আইনজীবী অভিষেক মনু সিংভি সওয়াল করেন, “নির্বাচন কমিশন এখনও সিদ্ধান্ত নেয়নি কারা আসল তৃণমূল। আগে কমিশন তাদের স্বীকৃতি দিক, তারপর অন্য কথা। এছাড়া, রাজনৈতিক দলের অ্যাকাউন্ট ফ্রিজ করা গণতন্ত্রের উপর আঘাত। নির্বাচনের সময় সমস্ত লেনদেন চেক মারফত হয়েছে।”
অন্যদিকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী জিষ্ণু চৌধুরী জোর দিয়ে বলেন, তাঁরাই আসল তৃণমূল এবং তাঁদেরই দলকে প্রতিনিধিত্ব করার বৈধ অধিকার রয়েছে। তবে বিচারপতি কৃষ্ণা রাও তাঁদের আবেদন খারিজ করে স্পষ্ট জানিয়ে দেন, “উপযুক্ত আইনি প্রক্রিয়ায় আসুন, আপনাদের কথা শুনতে চাই না।”
বর্তমানে জাতীয় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে দুই পক্ষই। কিন্তু নিম্ন আদালতের রায়কে পুঁজি করে ঋতব্রতদের এই দাবি আদালতে কার্যত মুখ থুবড়ে পড়ল।
