হাওড়ায় ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়ে মুক্তিপণ দাবি! পুলিশি অভিযানে উদ্ধার অপহৃত, আটক ৭ – এবেলা

এবেলা ডেস্কঃ
হাওড়া স্টেশন সংলগ্ন সাবওয়ে এলাকা থেকে পেয়ারেলাল নামে এক ব্যবসায়ীকে অপহরণের চাঞ্চল্যকর ঘটনা প্রকাশ্যে এল। একটি বাইক ও একটি স্কুটিতে চেপে আসা তিন দুষ্কৃতী ওই ব্যবসায়ীকে জোরপূর্বক তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাঁকে লিলুয়া থানা এলাকার ঝিল রোডের একটি বহুতল আবাসনে বন্দি করে মোটা অঙ্কের মুক্তিপণ দাবি করা হয়। বৃহস্পতিবার সকালে পরিবারের পক্ষ থেকে গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করা হলে তৎপর হয় পুলিশ।
অভিযোগ পাওয়ার পরেই গোলাবাড়ি ও লিলুয়া থানার পুলিশ যৌথভাবে তদন্তে নামে। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি মোবাইল টাওয়ার ট্র্যাক করে দুষ্কৃতীদের অবস্থান শনাক্ত করা হয়। বৃহস্পতিবার রাতে ওই আবাসনে অভিযান চালিয়ে অপহৃত ব্যবসায়ীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় এবং এই ঘটনায় জড়িত সন্দেহে মোট সাতজনকে আটক করা হয়েছে। উদ্ধার হয়েছে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্রও। প্রাথমিক অনুমান, পূর্ব পরিচয়ের সূত্রে টাকার লোভেই এই অপহরণ করা হয়েছে, তবে এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
