১৫ই আগস্টের নাম বদলে ‘স্বরাজ দিবস’ করার দাবি! প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর – এবেলা

১৫ই আগস্টের নাম বদলে ‘স্বরাজ দিবস’ করার দাবি! প্রধানমন্ত্রীকে চিঠি পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর – এবেলা

এবেলা ডেস্কঃ

১৫ই আগস্টকে আর ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ নয়, বরং ‘স্বরাজ দিবস’ হিসেবে পালন করার দাবি তুললেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী তথা বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। পেট্রাপোল বন্দরে ল্যান্ড পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া আয়োজিত ৮০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি এই বক্তব্য রাখেন। ইতোমধ্যেই নিজের এই প্রস্তাব জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি একটি চিঠিও লিখেছেন।

অনুষ্ঠানে শান্তনু ঠাকুর বলেন, “ইন্ডিপেন্ডেন্ট শব্দটা তুলে দেওয়ার জন্য আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। এই দিনটিকে ‘স্বরাজ দিবস’ হিসেবে পালন করা উচিত, কারণ ‘ইন্ডিপেন্ডেন্স ডে’ নামটা ব্রিটিশদের দেওয়া। ব্রিটিশরা আসার আগে ভারতের জিডিপি ছিল ২৭ ট্রিলিয়ন ডলার, যা তারা চলে যাওয়ার সময় শূন্যে নেমে যায়। তাই ব্রিটিশদের দেওয়া এই তকমা আমরা আর কতদিন বইব?”

উল্লেখ্য, পেট্রাপোল বন্দরের এই অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নাচ ও কুচকাওয়াজের আয়োজন করা হয়। সেখানে শান্তনু ঠাকুরের পাশাপাশি উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া-সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকেরা। এছাড়া, পেট্রাপোল-বেনাপোল নো-ম্যানসল্যান্ডে বিএসএফের ১৭৮ নম্বর ব্যাটালিয়নের পক্ষ থেকে জাতীয় পতাকা উত্তোলন করা হয় এবং বিজিবি আধিকারিকদের হাতে মিষ্টি তুলে দিয়ে সৌহার্দ্য বিনিময় করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *