১৫ মিনিটের অলৌকিক বিলম্ব! নেপালের হড়পা বান থেকে অলৌকিক রক্ষা বসিরহাটের শিক্ষক দম্পতির – এবেলা

১৫ মিনিটের অলৌকিক বিলম্ব! নেপালের হড়পা বান থেকে অলৌকিক রক্ষা বসিরহাটের শিক্ষক দম্পতির – এবেলা

এবেলা ডেস্কঃ

বসিরহাট: জীবনের সবথেকে বড় অলৌকিক মোড়টি যে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে আসতে পারে, তা হয়তো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি বসিরহাটের অবসরপ্রাপ্ত শিক্ষক দম্পতি অনুকূল পোদ্দার ও রেবা পোদ্দার। ভিসা ভেরিফিকেশনের জন্য হওয়া সামান্য এই দেড় মিনিটের বিলম্বই নেপালের ভয়াবহ হড়পা বান থেকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে রক্ষা করল তাঁদের।

বসিরহাট পুরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাছারিপাড়ার বাসিন্দা এই দম্পতি চলতি মাসে নেপালে ঘুরতে গিয়েছিলেন। বুধবার কাঠমান্ডু থেকে একটি গাড়িতে করে রওনা হওয়ার কথা ছিল তাঁদের। কিন্তু ভিসা যাচাইয়ের প্রশাসনিক প্রক্রিয়ায় ১৫ মিনিট দেরি হয়ে যায়। আর এই বিলম্বের কারণেই তাঁরা বড়সড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে যান।

তবে বুধবারের সেই বিধ্বংসী হড়পা বানের পর দীর্ঘ সময় অনুকূলবাবু ও তাঁর স্ত্রীর সঙ্গে পরিবারের কোনো যোগাযোগ ছিল না। চরম উৎকণ্ঠা ও উদ্বেগে দিন কাটছিল তাঁদের আত্মীয় ও প্রতিবেশীদের। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে শুক্রবার পরিবারের সঙ্গে ফোনে কথা বলেন তাঁরা। নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়ে তাঁরা নিশ্চিত করেন যে তাঁরা সম্পূর্ণ নিরাপদ আছেন।

অনুকূলবাবু জানান, তাঁদের সঙ্গে থাকা ভ্রমণকারী দলের প্রতিটি সদস্যই সুরক্ষিত রয়েছেন। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী শনিবার সকালে ট্রেনে চেপে রবিবার ঘরে ফেরার কথা থাকলেও, রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের বিমানে দ্রুত ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। ফলে ট্রেন নাকি বিমান—কোন পথে তাঁরা ফিরবেন তা এখনও চূড়ান্ত নয়।

সামান্য কিছু মিনিটের ব্যবধানে কালঘাম ছুটিয়ে দেওয়া বিপদ এড়ানো এই দম্পতির নিরাপদে ঘরে ফেরার প্রহর গুনছেন বসিরহাটের বাসিন্দারা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *