১৯ দিনে ৪ বার মিসাইল হামলা! যুদ্ধের আশঙ্কায় কাঁপছে প্রশান্ত মহাসাগর?

এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ফের উত্তেজনা সৃষ্টি করে রবিবার সকালে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলীয় শহর সিনপো থেকে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে কিম জং উনের বাহিনী। চলতি বছরে এটি উত্তর কোরিয়ার সপ্তম এবং শুধুমাত্র এপ্রিল মাসেই চতুর্থ ক্ষেপণাস্ত্র পরীক্ষা। এই ধারাবাহিক পদক্ষেপে জাপান ও দক্ষিণ কোরিয়া তীব্র প্রতিক্রিয়া জানিয়ে দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা বা হাই অ্যালার্ট জারি করেছে।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এই ঘটনার নিন্দা জানিয়ে জরুরি বৈঠক ডেকেছেন। সরকারি তথ্য অনুযায়ী, ভোর ৬টার দিকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো জাপানের বিশেষ অর্থনৈতিক অঞ্চলের (EEZ) বাইরে আছড়ে পড়েছে। এতে কোনো ক্ষয়ক্ষতি না হলেও সমুদ্র ও আকাশপথের নিরাপত্তার জন্য কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় রেখে উত্তর কোরিয়ার প্রতিটি গতিবিধির ওপর নজরদারি জোরদার করেছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা অমান্য করে এবং আগামী মাসে চীন ও মার্কিন প্রেসিডেন্টের সম্ভাব্য বৈঠকের প্রাক্কালে সামরিক সক্ষমতা প্রদর্শন করতেই এই কৌশল নিয়েছে পিয়ংইয়ং। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থাও (IAEA) সতর্ক করেছে যে, উত্তর কোরিয়া নিজেদের পূর্ণাঙ্গ পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে তৎপর, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
