১৯ নভেম্বর ৬ ঘণ্টা বন্ধ থাকবে মুম্বাই বিমানবন্দরের রানওয়ে

আগামী ১৯ নভেম্বর মুম্বাই বিমানবন্দরে বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ থাকবে। বিমানবন্দর কর্তৃপক্ষের ঘোষণা অনুযায়ী, ওইদিন সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বিমানবন্দরের প্রধান দুটি ক্রস-রানওয়ে (RWY 09/27 এবং RWY 14/32) বন্ধ রাখা হবে। বার্ষিক রক্ষণাবেক্ষণের কাজের জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বর্ষা-পরবর্তী রক্ষণাবেক্ষণ প্রক্রিয়ার অংশ হিসেবে এই মেরামতির কাজ করা হচ্ছে। সাধারণত বর্ষার মরশুমে বৃষ্টির কারণে রানওয়ের উপরিভাগের যে ক্ষতি হয়, তা মেরামত করা এবং যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করাই এই কাজের মূল উদ্দেশ্য। রানওয়ের পিচ মেরামতের পাশাপাশি লাইটিং সিস্টেম, নির্দেশক চিহ্ন এবং অন্যান্য অত্যাবশ্যকীয় প্রযুক্তিগত পরিকাঠামো এই সময়ে পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হবে।
রক্ষণাবেক্ষণের এই কাজের জন্য বিমান সংস্থাগুলির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় বজায় রাখা হয়েছে। তবে ১৯ নভেম্বর মুম্বাই বিমানবন্দর দিয়ে যাতায়াতের পরিকল্পনা থাকলে যাত্রীদের সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের পরিবর্তিত সময়সূচি যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে যাত্রীদের কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।
