২৩ বছর বয়সে কেন মাথা কামিয়েছিলেন বিশাল দাদলানি? জানালেন নেপথ্যের কারণ

২৩ বছর বয়সে কেন মাথা কামিয়েছিলেন বিশাল দাদলানি? জানালেন নেপথ্যের কারণ

সংগীত পরিচালক বিশাল দাদলানি তাঁর জীবনের এক অজানা অভিজ্ঞতার কথা সম্প্রতি শেয়ার করেছেন। নেহা ধুপিয়া ও অঙ্গদ বেদীর ইউটিউব শোয়ে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি জানান, মাত্র ২৩ বছর বয়সে তিনি নিজের মাথার সমস্ত চুল কামিয়ে ফেলেছিলেন। কোনো ফ্যাশন বা স্টাইলের কারণে নয়, বরং সেই সময় ধর্মের প্রতি তাঁর গভীর অনুরাগের কারণেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

বিশাল জানান, একদিন সকালে ঘুম থেকে উঠে হঠাৎই তিরুপতি মন্দিরে যাওয়ার প্রবল ইচ্ছা হয় তাঁর। সেখানে গিয়ে চুল উৎসর্গ করার পর তিনি সিদ্ধান্ত নেন যে, এরপর থেকে আর কখনোই মাথায় চুল রাখবেন না। কেন তিনি আজীবন চুল না রাখার প্রতিজ্ঞা করেছিলেন, তার নির্দিষ্ট কোনো কারণ না থাকলেও, নিজের স্বভাবের কথা তুলে ধরেন সংগীতশিল্পী। তিনি জানান, কোনো কিছু একবার ঠিক করে ফেললে তা থেকে সরে আসতে তিনি পছন্দ করেন না।

নিজের জীবনের অন্যান্য অভ্যাসের ক্ষেত্রেও তিনি একই মানসিকতা বজায় রেখেছেন। যেমন, ছোটবেলা থেকেই তিনি মদ্যপান থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং পরিবারের অন্যদের অভ্যাস থাকা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অটল ছিলেন। একইভাবে ধূমপানের অভ্যাসও তিনি ধাপে ধাপে না কমিয়ে একদিনেই পুরোপুরি ছেড়ে দিয়েছিলেন। বর্তমানে নিজেকে নাস্তিক পরিচয় দিলেও, জীবনের সেই সময়ের ধর্মবিশ্বাস ও দৃঢ় মানসিকতাই তাঁর এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছিল বলে জানিয়েছেন বিশাল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *