২৯ বছরের দীর্ঘ লড়াই জয়, দু-হাত হারানো যুবক পেলেন ২৬ লক্ষ টাকা ক্ষতিপূরণ!

উত্তরপ্রদেশের আগ্রায় ১৯৯৭ সালে বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণে দুই হাত হারানো এক ব্যক্তিকে ২৬.৬৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন এলাহাবাদ হাইকোর্ট। তৎকালীন সাত বছর বয়সী ভুক্তভোগী ‘পাপ্পু’র ঘটনায় দীর্ঘ ২৯ বছর পর এই ঐতিহাসিক রায় প্রদান করে আদালত জানায়, জনবহুল স্থানে অরক্ষিতভাবে উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সফরমার রাখা কর্তৃপক্ষের চরম অবহেলার পরিচয়। বিচারপতি সন্দীপ জৈনের বেঞ্চ নিম্ন আদালতের পূর্বের রায় বাতিল করে স্পষ্ট করেছেন যে, জননিরাপত্তা নিশ্চিত করা বিদ্যুৎ বোর্ডের অবিচ্ছেদ্য দায়িত্ব।
আদালতের নির্দেশনা অনুযায়ী, মূল ক্ষতিপূরণের পাশাপাশি ১৯৯৭ সালের ৩০ মে মামলা দায়েরের তারিখ থেকে বার্ষিক ৬ শতাংশ হারে সুদ এবং গত তিন দশকের আইনি লড়াইয়ের যাবতীয় খরচ উত্তরপ্রদেশ বিদ্যুৎ বোর্ডকে বহন করতে হবে। আগামী এক মাসের মধ্যে এই অর্থ ভুক্তভোগীকে পরিশোধের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯৯৭ সালের মার্চ মাসে আগ্রার নাগলা পাদি এলাকায় একটি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অরক্ষিত ১১ হাজার ভোল্টের একটি ট্রান্সফরমার স্পর্শ করলে শিশুটি মারাত্মকভাবে দগ্ধ হয় এবং জীবন বাঁচাতে তার দুটি হাতই কেটে ফেলতে হয়। এরপর ২০০৫ সালে নিম্ন আদালত দুর্ঘটনার জন্য শিশুটির অসাবধানতাকে দায়ী করে আবেদন খারিজ করলেও, উচ্চ আদালতের এই রায়ে বিদ্যুৎ বিভাগের জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়টি নতুন করে সামনে এল।
