ধর্মীয় প্রতীক পরার অনুমতি! কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল লেন্সকার্ট

কর্মীদের সাজসজ্জা সংক্রান্ত পুরনো একটি বিতর্কিত নির্দেশিকা নিয়ে দেশজুড়ে তীব্র সমালোচনার পর এবার নতুন ‘ইন-স্টোর স্টাইল গাইড’ প্রকাশ করল আইওয়্যার ব্র্যান্ড লেন্সকার্ট। নতুন এই নীতিমালায় কর্মীদের ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় প্রকাশের অধিকারকে পূর্ণ স্বীকৃতি দেওয়া হয়েছে। এর আগে এই ঘটনা নিয়ে সংস্থার সিইও পীয়ূষ বনসল ক্ষমা চাইলেও জনরোষ প্রশমিত না হওয়ায়, পরিস্থিতি সামাল দিতেই মূলত এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
নতুন গাইডলাইন অনুযায়ী, এখন থেকে লেন্সকার্টের কর্মীরা কর্মক্ষেত্রে বিন্দি, তিলক, সিঁদুর, মঙ্গলসূত্র, কড়া, হিজাব ও পাগড়ির মতো ধর্মীয় অনুষঙ্গ অনায়াসেই ব্যবহার করতে পারবেন। সংস্থার দাবি, হাজারো বৈচিত্র্যের ভারতে কর্মীদের নিজস্ব পরিচয়কে সম্মান জানানোই তাদের লক্ষ্য। তবে ধর্মীয় পরিচয়ের পাশাপাশি কর্মক্ষেত্রে পেশাদারিত্ব ও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। চুল ও গোঁফ-দাড়ির বিন্যাস মার্জিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে এবং বৈষম্যের কোনো ঘটনা ঘটলে তা সরাসরি মানবসম্পদ (এইচআর) বিভাগে অভিযোগ করার সুযোগ রাখা হয়েছে।
