৮৩ দিন পরও জারি হলো না বিজ্ঞপ্তি! লোকসভার দীর্ঘতম বিরতির নেপথ্যে কি বিশেষ কোনো ছক? – এবেলা

এবেলা ডেস্কঃ
সংসদের বাদল অধিবেশন শেষ হওয়ার ৮৩ দিন পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তা আনুষ্ঠানিকভাবে সমাপ্তির কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। লোকসভার ইতিহাসে ‘সিনে ডাই’ পদ্ধতিতে অধিবেশন মুলতুবি থাকার পর এটিই সবচেয়ে দীর্ঘতম বিরতির নজির। সাধারণ নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির যে ‘প্ররোগেশন’ বা সমাপ্তি বিজ্ঞপ্তি জারির কথা থাকে, তা না হওয়ায় রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে। বিশেষ করে আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ বিল কার্যকর করার উদ্দেশ্যে সরকার ফের বিশেষ অধিবেশন ডাকতে পারে কি না, তা নিয়ে নানা আলোচনা চলছে।
চলতি বছরের ২০ জুলাই অষ্টাদশ লোকসভার অষ্টম অধিবেশন শুরু হয়ে ১৩ অগস্ট অনির্দিষ্টকালের জন্য মুলতুবি হয়েছিল। সংবিধানের ৮৫ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সংসদ অধিবেশন আহ্বান করেন এবং দুটি অধিবেশনের মধ্যে ছ’মাসের বেশি ব্যবধান রাখা যায় না। এর আগে ১৯৮৭ সালে বফর্স বিতর্কের সময় ৭৬ দিন পর্যন্ত অধিবেশন প্ররোগ না করে রাখার রেকর্ড ছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের কথা এখনও জানানো হয়নি।
