ইউপি’র রাস্তায় নামাজে নিষেধাজ্ঞা, যোগীর ‘বুলডোজার’ হুঙ্কারে তোলপাড়!

পশ্চিম বর্ধমানের সালানপুরে বিজেপি প্রার্থী অরিজিৎ রায়ের সমর্থনে আয়োজিত ‘বিজয় সংকল্প সভা’ থেকে তৃণমূল সরকারকে তীব্র আক্রমণ করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে তিনি দাবি করেন, গত ১৫ বছরের শাসনামলে তৃণমূলের দৌরাত্ম্যে বাংলা তার ঐতিহ্য হারিয়েছে এবং কয়লা ও বালি মাফিয়াদের দাপট বেড়েছে। রাজ্যে আইন-শৃঙ্খলার অবনতি ও দুর্নীতির অভিযোগ তুলে তিনি উন্নয়নের স্বার্থে রাজ্যে ‘ডবল ইঞ্জিন’ সরকার প্রতিষ্ঠার আহ্বান জানান।
বিজেপির এই নির্বাচনী প্রচারে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের উন্নয়নের মডেল তুলে ধরে জানান, নয় বছর আগে সেখানেও মাফিয়া রাজ ছিল, তবে বর্তমান সরকারের কঠোর ‘বুলডোজার নীতি’ প্রয়োগের ফলে অপরাধী দমন সম্ভব হয়েছে। তিনি অভিযোগ করেন, কেন্দ্র থেকে পাঠানো উন্নয়নের টাকা শাসকদলের ‘কাটমানি’ সংস্কৃতির কারণে সাধারণ মানুষের কাছে পৌঁছাচ্ছে না। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে উত্তরপ্রদেশের মতোই অপরাধ দমনে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি ভোটারদের প্রতিশ্রুতি দেন।
