ইউরেনিয়াম ইস্যুতে ট্রাম্প কি মিথ্যাচার করছেন? ইরান দিল কড়া জবাব!

ইউরেনিয়াম মজুদ হস্তান্তর নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক দাবিকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান। ট্রাম্প দাবি করেছিলেন, দীর্ঘ টানাপোড়েনের পর তেহরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ওয়াশিংটনের হাতে তুলে দিতে সম্মত হয়েছে। তবে ইরানের সংসদীয় স্পিকার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কড়া ভাষায় এই দাবি প্রত্যাখ্যান করে জানিয়েছে, এ ধরনের কোনো সমঝোতা বা আলোচনা এখন পর্যন্ত হয়নি এবং নিজেদের সমৃদ্ধ ইউরেনিয়াম বিদেশে পাঠানোর কোনো পরিকল্পনা তেহরানের নেই।
ইরানের সংসদীয় স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ট্রাম্পের উত্থাপিত দাবিগুলোকে অসত্য বলে অভিহিত করেছেন এবং আলোচনার মাধ্যমে আমেরিকার বাড়তি কিছু পাওয়ার সুযোগ নেই বলে সাফ জানিয়ে দিয়েছেন। একইসঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে, ইরানের ওপর অর্থনৈতিক ও বাণিজ্যিক অবরোধ অব্যাহত থাকলে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হোর্মুজ প্রণালী বন্ধ করে দেওয়া হতে পারে। ইরান স্পষ্ট করেছে যে, পরমাণু ইস্যুতে দুদেশের মধ্যে মতপার্থক্য এখনো বিদ্যমান এবং পরিস্থিতির উন্নতির বিষয়ে ট্রাম্প প্রশাসনের আশাবাদ আপাতত ভিত্তিহীন।
