আমেরিকায় নিখোঁজ ১০ বিজ্ঞানী, ধামাচাপা পড়ল কোন বড় রহস্য?

২০২৩ সাল থেকে এখন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তত ৯ থেকে ১০ জন শীর্ষস্থানীয় বিজ্ঞানীর রহস্যজনক অন্তর্ধান ও মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। পরমাণু গবেষণা ও মহাকাশবিজ্ঞানের মতো অত্যন্ত স্পর্শকাতর এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে জড়িত বিভিন্ন প্রকল্পে কর্মরত ছিলেন এই বিজ্ঞানীরা। লস আলামস ন্যাশনাল ল্যাবরেটরি ও নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির মতো গুরুত্বপূর্ণ সংস্থায় তাঁদের এমন আকস্মিক নিখোঁজ বা মৃত্যুর ঘটনায় জাতীয় নিরাপত্তার বড় ধরনের ঝুঁকির আশঙ্কা দেখা দিয়েছে।
নিখোঁজ বিজ্ঞানীদের অনেকেই ব্যক্তিগত সরঞ্জাম বা প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই অস্বাভাবিকভাবে নিরুদ্দেশ হয়েছেন, যা পরিকল্পিত কোনো ষড়যন্ত্রের দিকে ইঙ্গিত করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। গবেষণার গোপনীয় তথ্য হাতানোর লক্ষ্যে কোনো বিদেশি শক্তির ইন্ধন বা সাইবার গুপ্তচরবৃত্তির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এ প্রসঙ্গে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানিয়েছেন, বিষয়টি অবগত হওয়ার পর সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করা হবে। তিনি নিশ্চিত করেছেন যে, জাতীয় নিরাপত্তার স্বার্থে প্রশাসন এই ঘটনাটিকে অগ্রাধিকারের ভিত্তিতে খতিয়ে দেখবে।
