যাত্রী ভোগান্তি কমাতে শিয়ালদহ ও হাওড়ায় একগুচ্ছ স্পেশ্যাল ট্রেন দিল পূর্ব রেল!

শহর ও শহরতলির নিত্যযাত্রীদের ভিড়ের চাপ সামাল দিতে আগামী ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের একাধিক রুটে বিশেষ ইএমইউ লোকাল ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেলওয়ে। অফিস যাত্রী ও সাধারণ মানুষের যাতায়াত সুগম করার লক্ষ্যে এই ১০ দিনের জন্য অস্থায়ী বিশেষ ট্রেন পরিষেবা চালু করা হয়েছে।
শিয়ালদহ ডিভিশনের ক্ষেত্রে নামখানা ও ডায়মন্ড হারবার শাখায় বিশেষ ট্রেন চলাচল করবে, যার মধ্যে শিয়ালদহ-নামখানা স্পেশ্যাল সকাল ৬টা ১৫ মিনিটে শিয়ালদহ থেকে ছেড়ে ৮টা ৪৫ মিনিটে পৌঁছাবে। এছাড়া সোনারপুর থেকে ডায়মন্ড হারবার এবং ফিরতি পথে শিয়ালদহ পর্যন্ত বিশেষ পরিষেবা দুপুর ২টো ২৩ মিনিট পর্যন্ত পাওয়া যাবে। হাওড়া ডিভিশনের ক্ষেত্রে ব্যান্ডেল থেকে সকাল ৭টা ৪৫ মিনিটে ছেড়ে ট্রেনটি ১০টায় কাটোয়া পৌঁছাবে এবং বর্ধমান রুটেও নির্দিষ্ট সময়সূচি অনুযায়ী ট্রেন চলাচল করবে। ১২ কোচের প্রতিটি বিশেষ ট্রেন সংশ্লিষ্ট রুটের প্রতিটি স্টেশনেই থামবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে।
