নন্দীগ্রামে তৃণমূল নেতার বাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, জখম অবুঝ শিশুকন্যা!

পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের দাউদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের জেলা পরিষদ নেতা শেখ শামসুল ইসলামের বাড়িতে বোমা বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার সকালে এই বিস্ফোরণে ওই নেতার নাবালিকা কন্যা গুরুতর আহত হয়েছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় থানার পুলিশ এবং বাড়িটির কার্নিশ থেকে আরও দুটি তাজা বোমা উদ্ধার করে। উদ্ধার হওয়া বোমাগুলো নিষ্ক্রিয় করার প্রক্রিয়া চলছে।
পরিবারের দাবি, সকালে বাড়ির জানালার কার্নিশে প্লাস্টিকবন্দি বোমাগুলো দেখে উঠোন পরিষ্কার করার সময় ওই নাবালিকা কৌতূহলবশত সেটির কাছে গেলে বিস্ফোরণ ঘটে। স্প্লিন্টারের আঘাতে নাবালিকার হাত ও পা জখম হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূলের পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হামলার চেষ্টা হিসেবে উল্লেখ করে বিজেপির দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে, যদিও বিজেপি তা অস্বীকার করেছে। ঘটনার প্রকৃত কারণ ও কারা এই বোমা মজুত করেছিল, তা খতিয়ে দেখতে পুলিশ তদন্ত শুরু করেছে।
