ইতালিতে গুরুদ্বারের সামনে দুই ভারতীয়কে গুলি, বৈশাখী উৎসবে শোকের ছায়া!

ইতালির বেরগামো প্রদেশের কোভোর একটি শিল্পাঞ্চলে বৈশাখী উৎসব চলাকালীন ভয়াবহ শ্যুটআউটের ঘটনায় দুই ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। শুক্রবার রাতে স্থানীয় ‘গুরুদ্বার মাতা সাহেব কৌরজি’ প্রাঙ্গণে এই হামলার ঘটনা ঘটে। নিহতরা হলেন ৪৮ বছর বয়সী রাগিন্দর সিং এবং সমবয়সী গুরমিত সিং। গুলিবর্ষণের সময় তৃতীয় এক ব্যক্তি অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন।
তদন্তকারী কর্মকর্তাদের প্রাথমিক ধারণা অনুযায়ী, এটি কোনো আকস্মিক বিবাদ নয়, বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। হামলাকারী ঠান্ডা মাথায় ১০ রাউন্ড গুলি চালিয়ে ঘটনাস্থল থেকে একটি গাড়িতে করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শীদের মতে, অভিযুক্ত ব্যক্তি নিজেও একজন ভারতীয় এবং তাকে প্রায়ই ওই গুরুদ্বারে যাতায়াত করতে দেখা যেত। বর্তমানে পুলিশ ঘটনাস্থল থেকে ১০টি গুলির খোল উদ্ধার করেছে এবং সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ান বিশ্লেষণ করে অভিযুক্তের সন্ধানে তল্লাশি চালাচ্ছে। এ ঘটনার পর স্থানীয় ভারতীয় সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
