‘পরের বার সংসদে বলুন!’ মোদীর ভাষণকে তীব্র কটাক্ষ মমতার

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশে দেওয়া সাম্প্রতিক ভাষণকে কেন্দ্র করে কেন্দ্র-রাজ্য সংঘাত নতুন মাত্রা পেয়েছে। রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে সরাসরি আক্রমণ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ভাষণকে ‘ভীতিপ্রসূত’ ও ‘দ্বিচারিতাপূর্ণ’ বলে অভিহিত করেছেন। নারী সংরক্ষণ বিল নিয়ে প্রধানমন্ত্রীর করা সমালোচনার জবাবে মুখ্যমন্ত্রী দাবি করেছেন, তৃণমূল কংগ্রেস কখনোই এই বিলের বিরোধিতা করেনি। এ সময় তিনি দলের নারী প্রতিনিধিত্বের পরিসংখ্যান তুলে ধরে কেন্দ্রের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তোলেন।
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন যে, নারী সংরক্ষণের আড়ালে কেন্দ্রীয় সরকার ‘ডিলিমিটেশন’ বা আসন পুনর্বিন্যাস নীতি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, যা দেশের ফেডারেল কাঠামো এবং সংবিধানের ওপর সরাসরি আঘাত। ২০২৩ সালে বিল পাস হওয়ার পরও তা কার্যকর না করে নির্বাচনের ঠিক আগে কেন এই ইস্যু সামনে আনা হলো, তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী শনিবারের ভাষণে এই বিল কার্যকর না হওয়ার জন্য তৃণমূলসহ বিরোধী দলগুলোকে দায়ী করেছিলেন। এর বিপরীতে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, লোকসভায় তৃণমূলের ৩৭.৯ শতাংশ এবং রাজ্যসভায় ৪৬ শতাংশ নারী সদস্য রয়েছেন, যা প্রধানমন্ত্রীর অভিযোগকে ভিত্তিহীন প্রমাণ করে।
