নবান্ন কার দখলে? আজই মিলবে উত্তর – এবেলা

এবেলা ডেস্কঃ
পাঁচ বছরের দীর্ঘ অপেক্ষা আর তীব্র রাজনৈতিক লড়াই শেষে আজই নির্ধারিত হতে যাচ্ছে পশ্চিমবঙ্গের ভাগ্য। সোমবার সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগণনার ফলাফলে দুপুরের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে—নবান্নের ১৪ তলায় কি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তন ঘটছে, নাকি দেড় দশক পর ফের ক্ষমতার পরিবর্তন দেখবে রাজ্য। রাজ্যের ২৯৩টি আসনের এই ফলাফলের দিকে তাকিয়ে এখন গোটা দেশ।
জাদুসংখ্যা ও ভবানীপুরের হাইভোল্টেজ লড়াই
দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচন বাতিল হওয়ায় এবার ২৯৪টির বদলে ২৯৩টি আসনে ভোটগণনা হচ্ছে। ফলে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ম্যাজিক ফিগার ১৪৮ থেকে কমে দাঁড়িয়েছে ১৪৭-এ। তবে সব ছাপিয়ে নজর কেড়েছে কলকাতার ভবানীপুর কেন্দ্র, যা এবারের নির্বাচনের ‘নন্দীগ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে। রাজ্যের রাজনৈতিক ইতিহাসে এই প্রথম কোনো কেন্দ্রে লড়াই হচ্ছে বর্তমান মুখ্যমন্ত্রী বনাম বিদায়ী বিরোধী দলনেতার মধ্যে। সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের গণনাকেন্দ্র থেকে আসা ফলের দিকে তাই বিশেষ নজর রয়েছে রাজনৈতিক মহলের।
পরিবর্তন বনাম প্রত্যাবর্তনের সমীকরণ
প্রথম দফার ভোট হওয়া উত্তরের জেলাগুলো যেখানে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত, সেখানে দ্বিতীয় দফার দক্ষিণবঙ্গ তৃণমূলের দুর্গ। বুথফেরত সমীক্ষায় ‘পরিবর্তনের’ ইঙ্গিত দেওয়া হলেও, তৃণমূলের ভরসা লক্ষ্মীর ভান্ডার ও মহিলা ভোট ব্যাংক। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ভোটার তালিকা সংস্কার ও ২৭ লক্ষ ভোটারকে প্রক্রিয়ার বাইরে রাখা নিয়ে কমিশনের ভূমিকা বিতর্কের ঊর্ধ্বে নয়। তবে নজিরবিহীন নিরাপত্তা ও সহিংসতার লেশমাত্রহীন এই শান্ত ভোটদান নতুন এক নজির সৃষ্টি করেছে।
হিংসার আশঙ্কা ও শান্তিবর্তা
২০২১ সালের ভোট-পরবর্তী হিংসার স্মৃতি এখনো জনমানসে টাটকা। এবারও গণনা শুরুর আগেই যুযুধান দুই শিবিরের নেতাদের আক্রমণাত্মক বক্তব্যে জনমনে উদ্বেগ বেড়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ‘রবীন্দ্রসঙ্গীতের সঙ্গে ডিজে’ বাজানোর হুঁশিয়ারি কিংবা বিজেপি নেতাদের ‘উল্টো করে ঝুলিয়ে দেওয়ার’ বার্তার মধ্যে রাজ্যজুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যদিও শেষ মুহূর্তে বিজেপি ও তৃণমূল—উভয় পক্ষ থেকেই কর্মীদের সংযত থাকার এবং শান্তি বজায় রাখার বার্তা দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ ছাড়াও আজ কেরালা, আসাম, তামিলনাড়ু ও পুদুচেরির ভাগ্য নির্ধারিত হবে। এর মধ্যে কেরালায় বাম দুর্গের পতন ঘটে কি না, তা জাতীয় রাজনীতির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
