শুভেন্দুর মন্ত্রিসভায় একঝাঁক নতুন মুখ এবং অভয়ার মা থেকে কলিতা মাজি, জেনে নিন সম্ভাব্য তালিকা

রবীন্দ্র জয়ন্তীর পুণ্য লগ্নে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে চলেছে এক ঐতিহাসিক মুহূর্ত। বাংলায় প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। অমিত শাহ আগেই ঘোষণা করেছেন যে সর্বসম্মতিক্রমেই শুভেন্দুকে পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। এবার নজর নতুুন মন্ত্রিসভার দিকে। সম্ভাব্য তালিকায় যেমন রয়েছে অভিজ্ঞতার ছোঁয়া, তেমনই রয়েছে সাধারণ মানুষের লড়াইয়ের মুখগুলো।

উপমুখ্যমন্ত্রী পদে চমক থাকার সম্ভাবনা

এবার বাংলায় এক বা একাধিক উপমুখ্যমন্ত্রী থাকতে পারেন বলে জোর জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে, আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পলকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে। জল্পনার কেন্দ্রে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষও। মন্ত্রিসভায় উত্তরবঙ্গকে বাড়তি গুরুত্ব দিতে চলেছে গেরুয়া শিবির। নিশীথ প্রামাণিক এবং শঙ্কর ঘোষ—উভয়েই উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের দায়িত্ব পেতে পারেন বলে মনে করা হচ্ছে।

দপ্তরভিত্তিক সম্ভাব্য তালিকা

প্রশাসনিক কাজের অভিজ্ঞতার পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রের কৃতীদের এবার মন্ত্রিসভায় আনার তোড়জোড় চলছে।

  • শিক্ষা দপ্তর রাসবিহারীতে জয়ী পদ্মভূষণপ্রাপ্ত স্বপন দাশগুপ্ত এই দপ্তরের দায়িত্ব পেতে পারেন।
  • স্বাস্থ্য দপ্তর রাজারহাট-নিউটাউন থেকে জয়ী পীযূষ কানোরিয়ার নাম এই পদের জন্য ঘোরাফেরা করছে।
  • ক্রীড়া ও যুবকল্যাণ ময়নার বিধায়ক তথা প্রাক্তন ক্রিকেটার অশোক দিন্দা এই দপ্তরের সম্ভাব্য মন্ত্রী।
  • তথ্য ও সংস্কৃতি অভিনয় জগত থেকে রাজনীতিতে আসা শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষকে এই দায়িত্ব দেওয়া হতে পারে।
  • অন্যান্য সম্ভাব্য নাম তালিকায় রয়েছেন দিলীপ ঘোষ, প্রাক্তন আইপিএস রাজেশ কুমার এবং উত্তর দমদমের সৌরভ শিকদার। এছাড়াও হাওড়ার হীরণ চট্টোপাধ্যায়ের মন্ত্রিত্ব পাওয়া নিয়ে আলোচনা চলছে।

নারী শক্তি ও সামাজিক প্রতিনিধিত্বে বিশেষ জোর

এবারের মন্ত্রিসভায় সবথেকে বড় চমক হতে চলেছে অখ্যাত লড়াইয়ের মুখদের অন্তর্ভুক্তিকরণ। সন্দেশখালি থেকে আর জি কর—নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়া পরিবারগুলোকে প্রশাসনিক ক্ষমতায় আনার ইঙ্গিত দিয়েছেন অমিত শাহ।

জলহাটি থেকে জয়ী অভয়ার মা রত্না দেবনাথকে মন্ত্রিসভায় রাখা হতে পারে। মেয়ের বিচারের দাবিতে লড়াই করা এই মা আজ জনগণের প্রতিনিধি। একইভাবে সন্দেশখালি আন্দোলনের পরিচিত মুখ তথা হিঙ্গলগঞ্জের জয়ী প্রার্থী রেখা পাত্রকেও মন্ত্রী করা হতে পারে। এছাড়াও আউশগ্রামের সেই সাধারণ পরিচারিকা কলিতা মাজি, যিনি অভাবের সঙ্গে লড়াই করে বিধায়ক হয়েছেন, তাঁর ঠাঁই হতে পারে মন্ত্রিসভায়।

নিরাপত্তার চাদরে ঢাকা ব্রিগেড

শনিবারের এই মেগা অনুষ্ঠানে দেশ-বিদেশের প্রায় ৪০ জন ভিভিআইপি উপস্থিত থাকবেন। নিরাপত্তার খাতিরে ব্রিগেডকে ৩৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। প্রতিটি ব্লকের দায়িত্বে থাকছেন একজন করে আইপিএস অফিসার। কলকাতা পুলিশ কমিশনারের নজরদারিতে শহরে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হবে। সাধারণ মানুষের প্রবেশের ক্ষেত্রে ব্যাগ, ছাতা বা জলের বোতল নিয়ে আসার ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রতিবেদক: বর্তমান ঠাকুর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *