রাজ্যজুড়ে বাড়ি বাড়ি বসছে প্রিপেড স্মার্ট মিটার, বাড়ছে বিদ্যুতের দাম? – এবেলা

এবেলা ডেস্কঃ
পশ্চিমবঙ্গে বিদ্যুৎ পরিষেবায় বড়সড় পরিবর্তনের সূচনা হতে চলেছে। মোবাইল ফোনের রিচার্জের মতো এবার থেকে বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রেও প্রিপেড স্মার্ট মিটার ব্যবস্থা বাধ্যতামূলক করার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় বিদ্যুৎ ও নগরোন্নয়নমন্ত্রী মনোহরলাল খট্টর। আগামী তিন থেকে চার বছরের মধ্যে রাজ্যে মোট দুই কোটি স্মার্ট মিটার স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কেন্দ্র। রাজ্যের উচ্চপদস্থ আধিকারিকদের সাথে বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী জানান, সরকারি অফিস, বৃহৎ আবাসন এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানসহ সাধারণ গ্রাহকদের বাড়িতেও দ্রুত এই মিটার বসানোর প্রক্রিয়া শুরু হবে। প্রতিটি মিটারের জন্য কেন্দ্র সরকার ৯০০ টাকা অনুদান প্রদান করবে এবং গ্রাহকদের ৯১ মাস ধরে প্রতি মাসে ১০০ টাকা করে অতিরিক্ত মূল্য পরিশোধ করতে হবে।
স্মার্ট মিটার চালুর পাশাপাশি রাজ্যের বিদ্যুৎ পরিষেবায় লোকসান কমানোর লক্ষ্য নিয়ে নতুন করে দাম সংশোধনের ইঙ্গিত মিলেছে। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বিতরণ কো ম্পা নি লিমিটেডের (WBSEDCL) লোকসানের হার প্রায় ১২ শতাংশ। এই আর্থিক ঘাটতি পূরণে একটি নির্দিষ্ট রোডম্যাপ তৈরির কাজ চলছে। কেন্দ্রীয় মন্ত্রীর ইঙ্গিত অনুযায়ী, আগামী দুই মাসের মধ্যেই বিদ্যুৎ নিয়ন্ত্রণ কমিশনের সিদ্ধান্তের ভিত্তিতে বিদ্যুতের নতুন দাম কার্যকর হতে পারে। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে বিদ্যুতের এই সম্ভাব্য মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের ওপর বাড়তি চাপ সৃষ্টি করবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
প্রিপেড মিটার ও দাম সংশোধনের পাশাপাশি কেন্দ্র সরকার রাজ্যের বিদ্যুৎ পরিকাঠামো উন্নয়নে সৌরশক্তির ব্যবহারের ওপর জোর দিয়েছে। ‘পিএম সূর্য ঘর: মুফৎ বিজলি যোজনা’-র আওতায় আগামী দুই বছরের মধ্যে রাজ্যের প্রায় ২.৭ লক্ষ গ্রাহকের বাড়িতে ছাদের ওপর সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ১ থেকে ৩ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহারকারী গ্রাহকদের জন্য ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকির সুবিধা প্রদান করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বিদ্যুৎ সাশ্রয় এবং পরিবেশবান্ধব জ্বালানির ব্যবহারকে উৎসাহিত করা।
