ফের যোগীরাজ্যে RSS প্রধান মোহন ভাগবতের ট্রেনে পাথরবৃষ্টি! অল্পের জন্য রক্ষা – এবেলা

এবেলা ডেস্কঃ
নয়াদিল্লি: ফের একবার রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘ (RSS) প্রধান মোহন ভাগবতকে বহনকারী ট্রেনে পাথর ছুড়ে হামলার ঘটনা ঘটল। উত্তরপ্রদেশে দিল্লিগামী চলন্ত ‘স্বর্ণ শতাব্দী এক্সপ্রেস’ লক্ষ্য করে বৃহস্পতিবার রাতে পাথর ছোড়ে অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। আরএসএস প্রধান অক্ষত থাকলেও পাথরের আঘাতে ট্রেনের জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই উত্তরপ্রদেশে লখনউ-দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসে একই ধরণের হামলার মুখে পড়েছিলেন মোহন ভাগবত। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফিরোজাবাদ জেলার টুন্ডলা স্টেশনের কাছে ফের আক্রান্ত তাঁর ট্রেন।
জিআরপি (GRP) সূত্রে জানা গেছে, স্বর্ণ শতাব্দী এক্সপ্রেসের ই-১ (E-1) কোচে ছিলে আরএসএস প্রধান। কানপুর থেকে দিল্লি যাওয়ার পথে, মাকখানপুর স্টেশন পার করার পর সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ হঠাৎই তাঁর জানলা লক্ষ্য করে পাথর মারা হয়। সৌভাগ্যবশত, জানলার যে দিকে পাথরটি লাগে, মোহন ভাগবত বসেছিলেন তার ঠিক উল্টো দিকে। ফলে বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পান তিনি।
ঘটনার পরই ট্রেনটিকে টুন্ডলা স্টেশনের মুখে দাঁড় করিয়ে তল্লাশি চালানো হয়। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান আগ্রা জোনের এডিজি এস কে ভগত এবং ডিআইজি শৈলেশ পাণ্ডে। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় কেউ আহত হননি। ইতিমধ্যেই সন্দেহভাজন একজনকে গ্রেফতার করেছে পুলিশ এবং বাকি অপরাধীদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।
