সরকারি পরিষেবা নিয়ে সমস্যা? এবার সরাসরি মুখ্যমন্ত্রীকে অভিযোগ জানানোর নতুন পোর্টাল চালু! – এবেলা
এবেলা ডেস্কঃ
কলকাতা: আমজনতার সরকারি সুযোগ-সুবিধা সংক্রান্ত যেকোনো সমস্যার দ্রুত সমাধানে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। আগেই চালু হয়েছিল ‘আপনার সরকার আপনার পাশে’ হেল্পলাইন নম্বর, আর এবার রাজ্যবাসীর সুবিধার জন্য সরাসরি চালু হয়ে গেল একটি বিশেষ অনলাইন পোর্টাল। এখন থেকে অন্নপূর্ণা যোজনা, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা পেতে কোনো সমস্যা হলে বা যেকোনো সরকারি পরিষেবা নিয়ে অভিযোগ থাকলে নাগরিকরা সরাসরি তা জানাতে পারবেন মুখ্যমন্ত্রীর দপ্তরে।
কীভাবে অভিযোগ জানাবেন?
মুখ্যমন্ত্রীর দপ্তর বা CMO-র অফিসিয়াল ওয়েবসাইটে গেলেই নাগরিকরা ‘আপনার সরকার আপনার পাশে’ অপশনটি পেয়ে যাবেন। সেখানে হেল্পডেস্ক নম্বর ও ইমেল আইডির পাশাপাশি রয়েছে ‘Raise Grievance’ (অভিযোগ জানান) নামক একটি নাগরিক পরিষেবা অপশন।
স্টেপ বাই স্টেপ জেনে নিন পদ্ধতি:
১. প্রথমে পোর্টালের ‘Raise Grievance’ অপশনে ক্লিক করতে হবে।
২. এরপর আপনার সচল মোবাইল নম্বরটি দিলে একটি ওটিপি (OTP) আসবে।
৩. ওটিপি এবং স্ক্রিনে থাকা ক্যাপচা (Captcha) কোডটি সঠিকভাবে দিয়ে ভেরিফিকেশন করলেই অভিযোগ জানানোর মূল পেজটি খুলে যাবে।
৪. সেখানে আবেদনকারীর নাম, বয়স, ঠিকানা, জেলা, মহকুমা, থানা, বিধানসভা কেন্দ্র, পোস্ট অফিস এবং ইমেল আইডি বিস্তারিতভাবে পূরণ করতে হবে।
৫. নিজের অভিযোগটি লেখার জন্য একটি আলাদা বক্স থাকবে। প্রয়োজনে অভিযোগের সপক্ষে প্রয়োজনীয় নথিও (Documents) আপলোড করা যাবে।
৬. সবশেষে ‘জমা দিন’ (Submit) অপশনে ক্লিক করলেই অভিযোগ নথিভুক্ত হয়ে যাবে।
হেল্পলাইন ও ইমেল আইডিও সচল:
উল্লেখ্য, এর আগে চলতি মাসের শুরুতেই নবান্ন থেকে একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছিল। সরকারি পরিষেবা পেতে কোনো বাধা বা সমস্যা হলে নাগরিকরা সরাসরি 8282082820 নম্বরে ফোন করতে পারেন। অথবা asap@wb.gov.in ঠিকানায় ইমেলও করতে পারেন। এবার তার সঙ্গেই যুক্ত হলো এই পোর্টাল পরিষেবা, যার ফলে ঘর বসেই সাধারণ মানুষ তাঁদের অভাব-অভিযোগ সরাসরি সরকারের কাছে পৌঁছে দিতে পারবেন।
