‘সবাই মেয়র হতে চায়, ওরা নিজেদের কোন্দলেই শেষ!’ কলকাতায় প্রশাসক বসিয়ে তৃণমূলকে ধুয়ে দিলেন শুভেন্দু – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতা: কলকাতা পুরসভায় (KMC) প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়ে এবার সরাসরি পূর্ববর্তী শাসক দল তৃণমূল কংগ্রেসকে (TMC) কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তড়িঘড়ি প্রশাসক নিয়োগের দায় ঘাসফুল শিবিরের অভ্যন্তরীণ কোন্দলের ঘাড়েই ঠেলে দিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানান, রাজ্য সরকারের তরফ থেকে কলকাতার নতুন মেয়র বেছে নেওয়ার জন্য তৃণমূলকে ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিন সময় দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময়সীমার মধ্যেও তারা কোনও একক নামে সহমত হতে পারেনি। তৃণমূলের অন্দরের পরিস্থিতি নিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “ওদের দলের সবাই মেয়র হতে চায়! কিন্তু এভাবে তো চলতে পারে না। কলকাতার মতো শহরের নাগরিক পরিষেবা এক মিনিটের জন্যও বন্ধ রাখা যায় না। তাই বাধ্য হয়েই আমাদের প্রশাসক বসাতে হয়েছে।”
পুরসভায় নিজেদের অনুগতদের বসানোর যে অভিযোগ বিরোধীরা তুলছিল, তাও এদিন খারিজ করে দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমরা চাইলে একটা মনোনীত বোর্ড (Nominated Board) তৈরি করে দিতে পারতাম, আইনে সেই সুযোগও ছিল। কিন্তু আমাদের নীতি একদম পরিষ্কার ও স্বচ্ছ। আমরা নির্বাচিত বোর্ডের হাতেই ক্ষমতা তুলে দিতে চাই।”
তৃণমূলের কোন্দলের জেরে পুরভোটের আগে তিলোত্তমার পুর-প্রশাসনের রাশ সরাসরি নবান্নের নিয়োজিত প্রশাসকের হাতে চলে যাওয়ায় এখন কলকাতার রাজনৈতিক মহলে তীব্র শোরগোল পড়ে গেছে।
