মুর্শিদাবাদে প্রকৃতির তাণ্ডব! প্রবল ঝড়-বৃষ্টির মাঝে বজ্রপাতে ৩ জনের মর্মান্তিক মৃত্যু – এবেলা

মুর্শিদাবাদে প্রকৃতির তাণ্ডব! প্রবল ঝড়-বৃষ্টির মাঝে বজ্রপাতে ৩ জনের মর্মান্তিক মৃত্যু – এবেলা

এবেলা ডেস্কঃ

বহরমপুর: দক্ষিণবঙ্গে বর্ষার প্রবেশ ঘটতেই শুরু হয়েছে প্রকৃতির তাণ্ডব। আর সেই বৃষ্টির আবহেই মুর্শিদাবাদ জেলায় ঘটে গেল জোড়া বিপর্যয়। সোমবার বিকেলে আচমকা ধেয়ে আসা প্রবল ঝড়-বৃষ্টি আর বজ্রপাতে জেলাজুড়ে প্রাণ হারিয়েছেন এক সিভিক ভলান্টিয়ারসহ মোট তিন জন। জখম হয়েছেন আরও তিন জন শ্রমিক।

শাবলপুরে প্রাণ গেল ডিউটিরত সিভিক ভলান্টিয়ারের:

প্রথম ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের বড়ঞা থানার শাবলপুর গ্রামে। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত যুবকের নাম সুব্রত ঘোষ (৩৬)। তিনি বড়ঞা থানার সিভিক ভলান্টিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বিকেলে ডিউটি চলাকালীন আচমকাই এলাকায় ধেয়ে আসে কালবৈশাখীর মতো ঝড়-বৃষ্টি। বাঁচতে তিনি শাবলপুর পঞ্চায়েত কার্যালয়ের পাশে আশ্রয় নেন। ঠিক সেই সময়ই তাঁর ওপর সরাসরি বজ্রপাত হয়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আমবাগানে আশ্রয় নিয়েছিলেন, পদ্মার পাড় বাঁধতে গিয়ে মৃত ২ শ্রমিক:

দ্বিতীয় মর্মান্তিক ঘটনাটি ঘটেছে লালগোলা থানার রেণু বিএসএফ ক্যাম্প সংলগ্ন এলাকায়। সেখানে পদ্মার ভাঙন রোধে নদীপাড় বাঁধানোর কাজ করছিলেন একদল শ্রমিক। কাজ চলাকালীন আচমকা মুষলধারে বৃষ্টি শুরু হলে সাত জন শ্রমিক দৌড়ে গিয়ে পাশের একটি আমবাগানে আশ্রয় নেন। কিন্তু শেষরক্ষা হয়নি। আচমকাই সেই আমগাছের ওপর ভেঙে পড়ে তীব্র বজ্রপাত।

বজ্রাঘাতে ঘটনাস্থলেই সংজ্ঞাহীন হয়ে পড়েন পাঁচ জন শ্রমিক। তড়িঘড়ি তাঁদের লালগোলা কৃষ্ণপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জন শ্রমিক এখনও হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃত দুই শ্রমিকের নাম আমির শেখ (২৪) এবং খুরশেদ শেখ (২২)। তাঁরা দুজনেই সামশেরগঞ্জের ধুলিয়ানের বাসিন্দা ছিলেন। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। বর্ষার শুরুতেই বজ্রপাতের এই তাণ্ডবে গোটা জেলায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *