কণ্ঠস্বরের নমুনা দিন, নাহলে রক্ষাকবচ প্রত্যাহার করব! অভিষেককে ভর্ৎসনা হাইকোর্টের – এবেলা

কণ্ঠস্বরের নমুনা দিন, নাহলে রক্ষাকবচ প্রত্যাহার করব! অভিষেককে ভর্ৎসনা হাইকোর্টের – এবেলা

এবেলা ডেস্কঃ

নিজস্ব প্রতিবেদন: আদালতের নির্দেশ উপেক্ষা করে কণ্ঠস্বরের নমুনা না দেওয়ায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র ভর্ৎসনা করল কলকাতা হাই কোর্ট। বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চ সাফ জানিয়ে দিয়েছে, অবিলম্বে তদন্তে সহযোগিতা না করলে অভিষেকের রক্ষাকবচ প্রত্যাহার করে নেওয়া হবে। সেক্ষেত্রে সিআইডি চাইলে তাঁর বিরুদ্ধে যে কোনো কড়া পদক্ষেপ বা গ্রেপ্তারি করতে পারবে।

ঘটনার সূত্রপাত নির্বাচনী প্রচারে ডিজে সংক্রান্ত এক মন্তব্যকে ঘিরে। এই মামলায় তদন্তের স্বার্থে সিআইডি অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের দাবি জানায়। আদালত ইতিপূর্বে তাঁকে তদন্তে সহযোগিতার শর্তে রক্ষাকবচ দিলেও, অভিষেক নমুনা দিতে রাজি ছিলেন না। তাঁর দাবি ছিল, যেহেতু তিনি কণ্ঠস্বর নিজের বলেই স্বীকার করেছেন, তাই নতুন করে নমুনা সংগ্রহের প্রয়োজন নেই। বুধবার বিধাননগর আদালতে হাজিরা এড়ানোয় বিষয়টি হাই কোর্টে ওঠে।

শুক্রবার শুনানির সময় বিচারপতি ভট্টাচার্য ক্ষোভ প্রকাশ করে বলেন, “তদন্তে সহযোগিতা না করলে রক্ষাকবচ প্রত্যাহার করব। সব কিছুর একটা সীমা থাকা উচিত।” এরপরই আদালতের নির্দেশে আগামী ১৫ জুলাই বেলা ১২টায় ম্যাজিস্ট্রেটের কাছে কণ্ঠস্বরের নমুনা দিতে সম্মত হন অভিষেক।

তবে এদিন আদালতে এক অন্যরকম পরিস্থিতির সৃষ্টি হয়। অভিষেকের আইনজীবী সওয়াল করেন যে, নমুনা সংগ্রহের সময় যেন তাঁকে লক্ষ্য করে কোনোভাবে ডিম না ছোড়া হয়, তার নিশ্চয়তা দিতে হবে। জবাবে বিচারপতি জানান, এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয় এবং রাজ্য সরকারকে তা নিশ্চিত করতে হবে।

আদালত জানায়, ভারতীয় সংবিধানের ২২৬ ধারা অনুযায়ী অভিষেককে যে ‘ব্ল্যাঙ্কেট প্রটেকশন’ দেওয়া হয়েছিল, তা তদন্তে সহযোগিতার শর্তেই কার্যকর। বিচারপতির স্পষ্ট বার্তা, বিচার ব্যবস্থাকে অপব্যবহার করা হচ্ছে। এরপর অভিষেকের আইনজীবী নিজের ভুল স্বীকার করে মামলা প্রত্যাহারের আবেদন জানান এবং নমুনা সংগ্রহের বিষয়টি যেন কেবল এই মামলার মধ্যেই সীমাবদ্ধ থাকে, তা নিশ্চিত করতে আদালতের কাছে আর্জি জানান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *