বারুইপুরে ধুন্ধুমার, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই রাতভর অভিযানে পুলিশের বড় সাফল্য – এবেলা

এবেলা ডেস্কঃ
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনার জেরে রণক্ষেত্রের রূপ নেয় গোটা এলাকা। উত্তেজিত জনতা রাস্তা ও রেললাইন অবরোধ করার পাশাপাশি এক সন্দেহভাজন যুবককে পিটিয়ে খুন করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে চরম ক্ষোভের মুখে পড়ে পুলিশ প্রশাসন। কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর এবং সরকারি গাড়ি ভাঙচুর করে উন্মত্ত জনতা। এই গণপিটুনি ও পুলিশের ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে কঠোর হুঁশিয়ারি দেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিশৃঙ্খলায় জড়িত কাউকে রেয়াত করা হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর বৃহস্পতিবার রাতে পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি পায়। রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে নতুন করে আরও পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই নিয়ে বারুইপুরের হিংসাত্মক ঘটনায় মোট ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ জনে। পুলিশ জানিয়েছে, ভাঙচুর ও হামলার ঘটনায় অন্তত ২০০ জন অভিযুক্তের বিরুদ্ধে দুটি পৃথক মামলা রুজু হয়েছে। বাকি দোষীদের খোঁজে এলাকায় লাগাতার তল্লাশি চালানো হচ্ছে এবং এই ঘটনায় আরও একাধিক গ্রেপ্তারের সম্ভাবনা রয়েছে।
