ফের বিপাকে কেষ্ট! প্রাথমিকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ – এবেলা

ফের বিপাকে কেষ্ট! প্রাথমিকে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা হাতানোর অভিযোগ – এবেলা

এবেলা ডেস্কঃ

প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এবার নাম জড়াল বীরভূমের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলের। চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগে সিউড়ি থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হল। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

কী অভিযোগ উঠেছে? সূত্রের খবর, ২০১৭ সালে প্রাথমিক স্কুলে শিক্ষকের চাকরি দেওয়ার নাম করে একাধিক প্রার্থীর কাছ থেকে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ করেছেন অনুব্রত। অভিযোগকারীদের দাবি, কারও কাছ থেকে ৬ লক্ষ, কারও থেকে ৩ লক্ষ, আবার কারও থেকে ২ লক্ষ টাকা পর্যন্ত নেওয়া হয়েছিল। এই প্রতারণা চক্রে কেষ্ট মণ্ডল ছাড়াও আরও ৫ জনের নাম জড়িয়েছে। অভিযোগ, লক্ষাধিক টাকা নেওয়ার পরেও কাউকেই চাকরি দেওয়া হয়নি।

প্রেক্ষাপট রাজ্যে বর্তমানে প্রাথমিকে ৩২ হাজার শিক্ষকের চাকরি বাতিল সংক্রান্ত মামলা নিয়ে বিস্তর আইনি লড়াই চলছে। নিয়োগ দুর্নীতি নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, ঠিক সেই ডামাডোলের মাঝেই অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এই নতুন অভিযোগ তদন্তের মোড় অন্যদিকে ঘোরাতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *