আজও ভাসবে বাংলা! কলকাতায় বৃষ্টির টাইমিং ফাঁস, উত্তরবঙ্গে ভারী দুর্যোগের সতর্কতা – এবেলা
July 31, 2026

এবেলা ডেস্কঃ
বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যজুড়ে জারি থাকছে বৃষ্টির দাপট। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় শুরু হতে পারে ভারী দুর্যোগ।
কলকাতায় কখন নামবে বৃষ্টি? শুক্রবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। হাওয়া অফিস জানিয়েছে:
- সকাল ৮:৩০ নাগাদ: শহরের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- সকাল ১০:৩০ নাগাদ: বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
- দুপুর ১:০০ থেকে ১:৩০ নাগাদ: আবারও নতুন করে তুমুল বৃষ্টি নামতে পারে, সাথে থাকবে বজ্রপাত।
- বিকেলের পর: বৃষ্টির প্রভাব অনেকটাই কমবে। তবে সন্ধ্যা ও রাতে আকাশ মেঘলা থাকলেও বড় বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? নিম্নচাপটি ওড়িশার দিকে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে খুব বড় বিপদের আশঙ্কা কম।
- কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা: দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। উপকূলীয় জেলাগুলোতে ঝোড়ো হাওয়া বইবে।
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম: এই জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।
- বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান: দুপুরের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
- বীরভূম, মুর্শিদাবাদ ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির কোনো বড় পূর্বাভাস নেই।
উত্তরবঙ্গে দুর্যোগের সতর্কতা উত্তরবঙ্গে আজ থেকে বৃষ্টির দাপট আরও বাড়বে।
- দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার: এই চার জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে।
- কোচবিহার: মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
- উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা: হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা রয়েছে।
তাই আজ কাজের প্রয়োজনে বাড়ির বাইরে বের হলে সাথে ছাতা রাখতে ভুলবেন না!
