অস্ত্রোপচারের টেবিলেও গাইলেন গান! সোনু নিগমের আঙুলের এই সমস্যা নিয়ে চিকিৎসকরা কী বলছেন? – এবেলা

অস্ত্রোপচারের টেবিলেও গাইলেন গান! সোনু নিগমের আঙুলের এই সমস্যা নিয়ে চিকিৎসকরা কী বলছেন? – এবেলা

এবেলা ডেস্কঃ

অস্ত্রোপচারের সময়ও মুখে হাসি এবং সুর! জনপ্রিয় গায়ক সোনু নিগমের একটি অস্ত্রোপচারের ভিডিয়ো প্রকাশ্যে আসার পরই দেশজুড়ে তৈরি হয়েছে কৌতূহল। অস্ত্রোপচারের টেবিলে শুয়েই মহম্মদ রফির বিখ্যাত গান গাইতে দেখা গিয়েছে তাঁকে। জানা গেছে, তাঁর হাতের আঙুলে থাকা একটি বিশেষ সিস্ট বা বাড়তি অংশের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। মুম্বইয়ের নানাবতী ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালের চিকিৎসক নীলেশ জি সাতভাই এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। চিকিৎসকদের মতে, সোনুর এই সমস্যাটি ‘ডিজিটাল মিউকাস সিস্ট’ নামে পরিচিত, যা সাধারণত আঙুলের শেষ সন্ধি বা নখের কাছাকাছি অংশে দেখা দেয়।

ডিজিটাল মিউকাস সিস্ট হলো জেলির মতো তরলভর্তি একটি ছোট থলি। বাইরে থেকে এটি নিরীহ মনে হলেও, এর সঙ্গে আঙুলের গভীরে থাকা সন্ধির ক্ষয় বা অস্টিওআর্থ্রাইটিসের যোগ থাকতে পারে। চিকিৎসকেরা জানান, শুধু বাইরে থেকে দৃশ্যমান অংশটুকু বাদ দিলেই এই সমস্যার স্থায়ী সমাধান হয় না। সন্ধির সঙ্গে সিস্টের সংযোগ থেকে গেলে তা বারবার ফিরে আসার আশঙ্কা থাকে। তাই অস্ত্রোপচারের সময় সিস্ট অপসারণের পাশাপাশি সন্ধির সংযোগটিও বন্ধ করা জরুরি। আঙুলে এমন কোনো অস্বাভাবিক বৃদ্ধি দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *