মসজিদ থেকে চার হাজার মাইক উধাও! এজলাসে আইনজীবীদের অভূতপূর্ব বাকযুদ্ধ, চরম ক্ষুব্ধ হাইকোর্ট – এবেলা

এবেলা ডেস্কঃ
মসজিদ থেকে প্রশাসনিক নির্দেশে বেআইনিভাবে মাইক খুলে নেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় রাজ্য সরকারের অবস্থান জানতে চাইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী ও বিচারপতি অতরূপ বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ এ বিষয়ে আগামী মঙ্গলবার রাজ্যকে লিখিত বক্তব্য জানানোর নির্দেশ দিয়েছে। শুনানি চলাকালীন আবেদনকারী আইনজীবী তথা তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের নির্দিষ্ট নির্দেশিকা থাকা সত্ত্বেও কোনো লিখিত বিজ্ঞপ্তি ছাড়াই মৌখিক নির্দেশে পুলিশ রাজ্যের বিভিন্ন মসজিদ থেকে চার হাজারের বেশি মাইক খুলে নিয়েছে। অন্যদিকে, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এই অভিযোগ উড়িয়ে দিয়ে মামলাটি জরিমানা সহ খারিজের আর্জি জানান।
এদিনের সওয়াল-জবাব পর্ব চলাকালীন এজলাস রুমেই নজিরবিহীন বিবাদে জড়িয়ে পড়েন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র এবং আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তীব্র বাদানুবাদের এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে কুরুচিকর শব্দপ্রয়োগ ও কটাক্ষের ঝড় উঠলে আদালতের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দিতে চরম ক্ষোভ প্রকাশ করে হস্তক্ষেপ করেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপোব্রত চক্রবর্তী। আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করে তিনি স্পষ্ট জানিয়ে দেন, এজলাসের ভেতরে এই ধরনের আচরণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না এবং বিবাদ মেটাতে হলে তাঁদের আদালতের বাইরে গিয়ে আলোচনা করা উচিত। আগামী মঙ্গলবার এই সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।
