এক ক্লিকেই খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট! পার্ক স্ট্রিটের বিলাসবহুল হোটেলে জাঁকিয়ে বসা বড় গ্যাংয়ের পর্দাফাঁস – এবেলা

এবেলা ডেস্কঃ
কলকাতার পার্ক স্ট্রিটের একটি বিলাসবহুল হোটেলে হানা দিয়ে ‘জামতাড়া গ্যাং’-এর ১১ জন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তদের মধ্যে কুন্দন কুমার নামক মূল পাণ্ডা এবং একজন কলেজ ছাত্রও রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ঝাড়খণ্ড ও বিহারের এই বাসিন্দারা কলকাতায় পর্যটক সেজে এসে মির্জা গালিব স্ট্রিটের হোটেলে দুটি ঘর ভাড়া নিয়েছিল। পুলিশি নজরদারি ও স্থানীয়দের সন্দেহ এড়াতে এরা কোনো স্থায়ী ফ্ল্যাট না নিয়ে প্রতি ৫-৭ দিন অন্তর হোটেল বদলে নতুন জায়গায় গা ঢাকা দিত।
প্রতারকদের মূল ছক ছিল টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা। এরা প্রধানমন্ত্রী আবাস যোজনা ও পিএম কিষাণ যোজনার আর্থিক সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি ভুয়া লিংক পাঠাত। লিংকে ক্লিক করতেই ভুক্তভোগীর ব্যক্তিগত মোবাইল ফোন ও তথ্যের সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যেত প্রতারকদের হাতে, আর মুহূর্তের মধ্যেই খালি হয়ে যেত পুরো ব্যাংক অ্যাকাউন্ট। গোপন সূত্রের খবরের ভিত্তিতে বুধবার রাতে পুলিশ অভিযান চালিয়ে দুটি ঘর থেকে তাদের হাতেনাতে ধরে ফেলে। উদ্ধার করা হয়েছে প্রচুর মোবাইল ফোন। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের গতিবিধি খতিয়ে দেখছে পুলিশ।
