দেশভাগের সেই করুণ সংগ্রাম ও স্মৃতি! শিয়ালদহ স্টেশনে ঐতিহাসিক পার্টিশন মেমোরিয়ালের পথচলা শুরু! – এবেলা

দেশভাগের সেই করুণ সংগ্রাম ও স্মৃতি! শিয়ালদহ স্টেশনে ঐতিহাসিক পার্টিশন মেমোরিয়ালের পথচলা শুরু! – এবেলা

এবেলা ডেস্কঃ

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতার শিয়ালদহ স্টেশন চত্বরে এক ঐতিহাসিক উদ্যোগের সূচনা হতে চলেছে। ১৯৪৭ সালের দেশভাগের যন্ত্রণা, উদ্বাস্তু মানুষের দীর্ঘ সংগ্রাম এবং আত্মত্যাগের স্মৃতিকে অমর করে রাখতে সেখানে তৈরি হচ্ছে দেশের অন্যতম প্রথম পার্টিশন মেমোরিয়াল স্ট্যাচু। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক এবং ইন্দিরা গান্ধী ন্যাশনাল সেন্টার ফর দ্য আর্টস-এর যৌথ উদ্যোগে এই স্মারক নির্মাণের কাজ শুরু হচ্ছে। এই উপলক্ষে শিয়ালদহ স্টেশনের মেন গেটের কাছে বিশেষ ভূমিপুজো ও ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে উপস্থিত থাকবেন বিশিষ্ট মন্ত্রী ও রেলওয়ের উচ্চপদস্থ কর্তারা।

উল্লেখ্য, দেশভাগের পর পূর্ব পাকিস্তান থেকে জীবন বাঁচাতে লক্ষ লক্ষ মানুষ পশ্চিমবঙ্গে এসে আশ্রয় নিয়েছিলেন। সেই সময় কলকাতা ও সংলগ্ন বিভিন্ন স্টেশনের মধ্যে শিয়ালদহ ছিল উদ্বাস্তু মানুষের প্রধান প্রবেশদ্বার। দীর্ঘ অনিশ্চয়তা ও নতুন জীবন সংগ্রামের এই ঐতিহাসিক পটভূমিকে ভবিষ্যৎ প্রজন্মের সামনে তুলে ধরতে এই মেমোরিয়াল বিশেষ ভূমিকা পালন করবে। শিয়ালদহ স্টেশন চত্বরে এই স্মারক স্থাপনের ফলে দেশভাগের বেদনাময় ইতিহাস এক নতুন জনপরিসরে স্থায়ী স্বীকৃতি লাভ করতে চলেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *