অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু: অনলাইনে স্ট্যাটাস চেক ও পুনরায় আবেদনের বড় সুযোগ! – এবেলা

এবেলা ডেস্কঃ
অবশেষে চালু হলো অন্নপূর্ণা যোজনার পোর্টাল। বুধবার থেকে ঘরে বসেই অনলাইনে জেনে নেওয়া যাচ্ছে আবেদনপত্রের বর্তমান অবস্থা (Status)। সরকারি ওয়েবসাইট https://socialregistry.wb.gov.in/-এ গিয়ে সহজেই স্ট্যাটাস চেক করা যাচ্ছে। শুধু তা-ই নয়, কোনো কারণে আবেদন বাতিল হয়ে থাকলে পুনরায় আবেদনের সুযোগ থাকছে। অন্যদিকে, কোনো অযোগ্য ব্যক্তি যদি বেআইনিভাবে এই প্রকল্পের অনুদান পেয়ে থাকেন, সে বিষয়েও নির্দিষ্ট তথ্য জমা দিয়ে অভিযোগ জানানো যাবে।
কীভাবে নিজের আবেদনের স্ট্যাটাস পরীক্ষা করবেন?
১. প্রথমে পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক রেজিস্ট্রি পোর্টাল https://socialregistry.wb.gov.in/-এ যান।
২. সেখানে ‘Citizen / Family Login’ বিকল্পে ক্লিক করে আপনার জেলা বেছে নিন।
৩. আবেদন করার সময় যে মোবাইল নম্বরটি দিয়েছিলেন, সেটি লিখুন।
৪. আপনার মোবাইলে একটি ৬ সংখ্যার ওটিপি (OTP) আসবে। সেটি সঠিকভাবে বসিয়ে লগইন করুন।
৫. এরপর স্ক্রিনে নতুন একটি পেজ খুলবে। সেখানে ‘Beneficiary Status Details’ বিভাগের অধীনে আপনার নামের পাশে আবেদনপত্রের বর্তমান অবস্থা দেখতে পাবেন:
- Approved (অনুমোদিত): আপনার আবেদন সফল হয়েছে। আপনি ইতিমধ্যে টাকা পেয়েছেন অথবা খুব দ্রুতই আপনার অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
- Under Process (প্রক্রিয়াধীন): আপনার আবেদনপত্রটি যাচাইয়ের কাজ চলছে।
- Rejected (বাতিল): আপনার আবেদনটি গ্রহণযোগ্য হয়নি।
আবেদন বাতিল হলে বা অভিযোগ জানাতে কীভাবে কাজ করবেন?
পোর্টালটি খোলার পর উপরের দিকে ‘Objection & Claim’ নামে একটি বিকল্প পাবেন। সেখানে ক্লিক করলে দু’টি সুযোগ আসবে:
- পুনরায় আবেদন (Claim): আপনার আবেদন বাতিল হয়ে থাকলে, প্রয়োজনীয় সঠিক তথ্য ও নথি আপলোড করে আবার নতুন করে নিজের দাবি জানাতে পারবেন।
- অভিযোগ দায়ের (Objection): কোনো অযোগ্য ব্যক্তি যদি এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন, তবে উপযুক্ত প্রমাণ ও সঠিক তথ্য প্রদান করে সরকারের কাছে লিখিত অভিযোগ জানানো যাবে।
