২২ বছরের দুঃস্বপ্নের অবসান! সৌরভের সতীর্থ ভারতীয় প্রাক্তনী পেলেন বড় স্বস্তি – এবেলা

২২ বছরের দুঃস্বপ্নের অবসান! সৌরভের সতীর্থ ভারতীয় প্রাক্তনী পেলেন বড় স্বস্তি – এবেলা

এবেলা ডেস্কঃ

ভারতের প্রাক্তন ক্রিকেটার জ্যাকব মার্টিন দীর্ঘ ২২ বছর পর সমস্ত আইনি লড়াই থেকে মুক্তি পেলেন। উপযুক্ত প্রমাণের অভাবে দিল্লির পাটিয়ালা হাউস কোর্ট তাঁকে ২০০৪ সালের একটি ভিনদেশি স্ট্যাম্প জালিয়াতি ও প্রতারণার মামলা থেকে সম্পূর্ণ অব্যাহতি দিয়েছে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে অভিষেক হওয়া এই প্রাক্তনী মামলার জেরে অতীতে তাঁর রেলের চাকরি হারিয়েছিলেন এবং চরম মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। আদালতের রায়ে অবশেষে তাঁর জীবনের বড় এক কলঙ্কের অধ্যায় শেষ হলো।

মূলত ২০০৪ সালে আজওয়া ক্রিকেট ক্লাবের ইংল্যান্ড সফরকে কেন্দ্র করে এই আইনি জটিলতার সূত্রপাত হয়েছিল। সফরে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার অভিযোগে অভিবাসন দপ্তরের স্ট্যাম্প জাল করার গুরুতর অভিযোগ ওঠে। সফরের আয়োজক হওয়ায় এই মামলায় নাম জড়ায় জ্যাকব মার্টিনের। তবে দীর্ঘ তদন্ত শেষে আদালত জানিয়েছে, ক্লাবের আর্থিক লেনদেন বা অনিয়মে মার্টিনের কোনো প্রত্যক্ষ সংশ্লিষ্টতা বা অপরাধের প্রমাণ মেলেনি। রায়ের পর স্বস্তি প্রকাশ করে প্রাক্তনী জানিয়েছেন, আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুবাদে বড় নাম থাকায় তাঁর বিরুদ্ধে অযথা অভিযোগ আনা হয়েছিল। ১৯৯৯ থেকে ২০০১ সালের মধ্যে ভারতের হয়ে ১০টি ওয়ানডে ম্যাচ খেলা এই ব্যাটার ঘরোয়া ক্রিকেটে ৯ হাজারের বেশি রান করেছেন।

Admin
  • Admin

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *