মুসলিম বহুবিবাহ বাতিল? শীর্ষ আদালতে মোদী সরকারের জবাব তলব! – এবেলা

মুসলিম বহুবিবাহ বাতিল? শীর্ষ আদালতে মোদী সরকারের জবাব তলব! – এবেলা

এবেলা ডেস্কঃ

তিন তালাক বাতিলের দীর্ঘ আইনি লড়াইয়ের পর এবার মুসলিম ব্যক্তিগত আইনে বহুবিবাহের বৈধতা নিয়ে কড়া অবস্থান নিয়েছে সুপ্রিম কোর্ট। একাধিক স্ত্রী রাখার আইনি অধিকারকে চ্যালেঞ্জ জানিয়ে ভারতের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের (BMMA) সহ-প্রতিষ্ঠাতা জাকিয়া সোমান ও নূরজাহান সাফিয়া নিয়াজসহ ৫ জন বিশিষ্ট ব্যক্তি।

আবেদনকারীদের অভিযোগ, ১৯৩৭ সালের মুসলিম পার্সোনাল ল (শরিয়ত) অ্যাপ্লিকেশন অ্যাক্টের ২ নম্বর ধারাটি সংবিধানের ১৪, ১৫ এবং ১৬ নম্বর অনুচ্ছেদে বর্ণিত সমতার অধিকারের সম্পূর্ণ পরিপন্থী। তাঁদের দাবি, নারীদের প্রকৃত লিঙ্গসামতা ও মর্যাদা নিশ্চিত করতে বহুবিবাহকে আইনি অপরাধ হিসেবে গণ্য করতে হবে। পাশাপাশি মুসলিম বিবাহ বাধ্যবাধকতামূলক নথিভুক্তকরণ এবং প্রথম স্ত্রী ও সন্তানদের পূর্ণ আইনি সুরক্ষার জোর দাবি জানানো হয়েছে।

এই জনস্বার্থ মামলার প্রেক্ষিতে কেন্দ্র সরকারের কাছে জবাব তলব করেছে সুপ্রিম কোর্ট। ২০১৭ সালে তিন তালাক অসাংবিধানিক ঘোষিত হলেও বহুবিবাহ এবং ‘নিকাহ হালালা’ সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত ছিল। বর্তমানে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চে বিষয়টি স্থানান্তরিত হওয়ায়, এটি ধর্মীয় স্বাধীনতার (অনুচ্ছেদ ২৫) অন্তর্ভুক্ত কি না—তা নিয়ে নতুন করে আইনি বিতর্ক সৃষ্টি হয়েছে। ৩ তালাক মামলার মতোই এই আইনি লড়াই দেশের পারিবারিক আইন ও নারী অধিকারে এক ঐতিহাসিক পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *