মহিলাদের নিরাপত্তায় আসানসোলে চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’, গোলাপি জ্যাকেটে টহল দেবে ১০ সদস্যের বিশেষ টিম – এবেলা

মহিলাদের নিরাপত্তায় আসানসোলে চালু ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’, গোলাপি জ্যাকেটে টহল দেবে ১০ সদস্যের বিশেষ টিম – এবেলা

এবেলা ডেস্কঃ

মহিলাদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করতে আসানসোল শিল্পাঞ্চলে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘দুর্গা সুরক্ষা স্কোয়াড’। সোমবার আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই বিশেষ উদ্যোগের উদ্বোধন করেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কমিশনারেটের পক্ষ থেকে জানানো হয়েছে, আসানসোলের পর খুব শিগগিরই দুর্গাপুরেও এই বিশেষ পরিষেবা চালু করা হবে।

প্রাথমিক পর্যায়ে ১০ জন প্রশিক্ষিত মহিলা পুলিশকর্মীকে নিয়ে গঠিত হয়েছে এই স্কোয়াড। গোলাপি জ্যাকেট পরিহিত এবং আগ্নেয়াস্ত্রে সজ্জিত এই সদস্যরা স্কুটারে করে শহরের জনবহুল ও স্পর্শকাতর এলাকাগুলোতে টহল দেবেন। বিপদের মুহূর্তে মহিলারা ১০০ বা ১১২ নম্বরে কল করলেই দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যাবে এই দুর্গা সুরক্ষা স্কোয়াড।

উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, সামনেই দুর্গাপূজো। এই উৎসবের মরশুমে কেনাকাটা ও অন্যান্য প্রয়োজনে মহিলাদের প্রচুর বাইরে বেরোতে হয়। ভিড়ের সুযোগে অশালীন আচরণ বা কেপমারির মতো অপরাধের ঝুঁকি থাকে। এই স্কোয়াডের উপস্থিতিতে মহিলারা এখন নির্দ্বিধায় ও নিশ্চিন্তে বাইরে বেরোতে পারবেন। মহালয়ার আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহিলাদের সুরক্ষা সংক্রান্ত আরও কিছু পদক্ষেপের কথা ঘোষণা করবেন বলেও তিনি জানান।

সুরক্ষা ও নজরদারি ব্যবস্থা আরও জোরদার করতে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট একটি প্রযুক্তিনির্ভর পদক্ষেপ নিয়েছে। কয়েকটি থানার মোবাইল ভ্যানে বিশেষ ক্যামেরা বসিয়ে তা সরাসরি কমিশনারেটের মূল কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত করা হয়েছে। এর ফলে লাইভ নজরদারির মাধ্যমে ঘটনা ঘটার সাথে সাথেই দ্রুত ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। পুলিশ কমিশনার প্রণব কুমার জানান, বর্তমানে এই পদ্ধতিটি পরীক্ষামূলকভাবে চালানো হচ্ছে। পাশাপাশি, আসন্ন উৎসবের মরশুমে আইনশৃঙ্খলা বজায় রাখতে আসানসোলে এক কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনীও এসে পৌঁছেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *