টিকিট না পেলেই বিনা টিকিটের যাত্রী নন, রেলকে হাইকোর্টের কড়া বার্তা – এবেলা

এবেলা ডেস্কঃ
রেল দুর্ঘটনায় ক্ষতিপূরণ সংক্রান্ত একটি মামলায় বড় নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। আদালত জানিয়েছে, দুর্ঘটনার পর মৃত বা আহত যাত্রীর কাছ থেকে টিকিট না মিললেই তাঁকে ‘বিনা টিকিটের যাত্রী’ বলে ধরে নেওয়া যায় না। টিকিট না থাকার অজুহাতে রেল কর্তৃপক্ষ ক্ষতিপূরণের আবেদন বাতিল করতে পারবে না।
রেলওয়ে ক্লেমস ট্রাইব্যুনাল (RCT) পূর্বে টিকিট না পাওয়ার কারণে এক মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দিতে অস্বীকার করেছিল। ট্রাইব্যুনালের সেই সিদ্ধান্ত খারিজ করে বিচারপতি বিশ্বরূপ চৌধুরী নির্দেশ দেন যে, নিয়ম মেনে ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রাপ্য ক্ষতিপূরণ দিতে হবে।
বিচারপতির পর্যবেক্ষণ, ভয়াবহ দুর্ঘটনার পর বিশৃঙ্খল পরিস্থিতিতে টিকিট হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া খুবই স্বাভাবিক। যাত্রী বৈধভাবে যাত্রা করছিলেন কি না, তা অন্যান্য পারিপার্শ্বিক তথ্য ও প্রমাণ থেকে বিচার করতে হবে। আইনজ্ঞদের মতে, এই রায়ের ফলে রেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ক্ষতিপূরণ পাওয়ার আইনি প্রক্রিয়া আরও সহজ হলো।
