চোখের পলকে ছাই! শিয়ালদা স্টেশন চত্বরের ফুডপ্লাজায় ভয়াবহ আগুন, ধোঁয়ায় ঢাকল গোটা এলাকা – এবেলা

এবেলা ডেস্কঃ
সোমবার সকালে ব্যস্ততম শিয়ালদা স্টেশন চত্বরে আচমকা অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এদিন সকাল সাড়ে ৯টা নাগাদ স্টেশন সংলগ্ন নতুন তৈরি ফুডপ্লাজা ও খাবারের দোকানগুলি থেকে হঠাৎই ঘন ধোঁয়া বের হতে শুরু করে। শিয়ালদা নর্থ সেকশনের শেষ গেটের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এই ঘটনায় যাত্রীদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দমকলের ইঞ্জিন। প্রাথমিক ভাবে কোনো বড় আগুনের শিখা দেখা না গেলেও, অনর্গল ধোঁয়া বের হওয়ায় পুরো এলাকা ঢেকে যায়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মীরা ফুডকোর্টের কাঁচের দেওয়াল ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু করেন। শিয়ালদা আরপিএফ কন্ট্রোল রুমের তরফে অগ্নিকাণ্ডের খবরটি নিশ্চিত করা হয়েছে। দমকলের প্রাথমিক অনুমান, ফুডকোর্টের নিজস্ব অগ্নিনির্বাপণ ব্যবস্থা সঠিকভাবে কাজ না করায় ধোঁয়া দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। যান্ত্রিক ত্রুটির কারণে এই আগুন লেগেছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার কাজ চলছে এবং বড় ধরণের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
