পাণ্ডুয়ায় চিকিৎসককে হেনস্থার অভিযোগে গ্রেফতার ১, ইটাচুনা স্বাস্থ্যকেন্দ্রে চরম উত্তেজনা – এবেলা

পাণ্ডুয়ায় চিকিৎসককে হেনস্থার অভিযোগে গ্রেফতার ১, ইটাচুনা স্বাস্থ্যকেন্দ্রে চরম উত্তেজনা – এবেলা

এবেলা ডেস্কঃ

হুগলির পাণ্ডুয়ার ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা ও হুমকির অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম জিৎ ঘোষ (বাড়ি মান্দারণ এলাকায়)। বুধবার তাঁকে চুঁচুড়া আদালতে পেশ করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত সোমবার গভীর রাতে ইটাচুনা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ডিউটিতে থাকা চিকিৎসক অর্পণ পুরকাইতের উপর কয়েক জন যুবক চড়াও হন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন বলে অভিযোগ। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।

এই খবর ছড়িয়ে পড়তেই মঙ্গলবার সকাল থেকে ইটাচুনা স্বাস্থ্যকেন্দ্র চত্বর উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দাদের একাংশ অভিযোগ তোলেন, এই ঘটনার সঙ্গে বিজেপি কর্মীরা যুক্ত। উত্তেজিত জনতা এক অভিযুক্তকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করলে বেশ কিছুক্ষণের জন্য চিকিৎসা পরিষেবা ব্যাহত হয়। খবর পেয়ে পাণ্ডুয়া থানার পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত যুবককে আটক করে।

পরবর্তীকালে চিকিৎসক অর্পণ পুরকাইত পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ জিৎ ঘোষকে গ্রেফতার করে। ধৃতের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়া, চিকিৎসককে হুমকি, স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো এবং হাসপাতালের সম্পত্তি নষ্টের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে।

তবে রাজনৈতিক যোগসূত্রের অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছেন পাণ্ডুয়ার বিধায়ক তুষার মজুমদার। তিনি জানান, অভিযুক্তরা কেউই বিজেপি কর্মী নন। তাঁর দল এই ধরনের অন্যায় কাজ সমর্থন করে না এবং আইন অনুযায়ী দোষীদের শাস্তি পাওয়া উচিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *