আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নামে হাজার টাকার কাটমানি! নামখানায় তোলপাড় – এবেলা
এবেলা ডেস্কঃ
দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার মৌসুনি গ্রাম পঞ্চায়েতে সরকারি ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে উপভোক্তাদের থেকে কাটমানি নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে ৩ নম্বর মৌজা সংসদ এলাকায়, যেখানে সরকারি প্রতিনিধির উপস্থিতিতে সার্ভে চলাকালীন বিজেপির নেতা-কর্মীরা এক হাজার টাকা করে দাবি করেন বলে অভিযোগ। উপভোক্তা নুর মহম্মদ খাঁ-র দাবি, ভয় দেখিয়ে বলা হয়েছে যে টাকা না দিলে আবাস যোজনার তালিকা থেকে নাম কেটে দেওয়া হবে। এমনকি ব্লক অফিসের নাম করে টাকা আদায়ের একটি ভিডিয়ো ভাইরাল হতেই এলাকা জুড়ে তীব্র শোরগোল পড়ে গিয়েছে। এই মর্মে ভুক্তভোগীরা ইতিমধ্যেই নামখানার বিডিও-র কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বিতর্কিত ওই ভিডিয়োটি ঘিরে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠলেও বিজেপি নেতৃত্ব সমস্ত অভিযোগ সম্পূর্ণ খারিজ করেছে। স্থানীয় দলীয় নেতা নারায়ণ পয়ড়্যার দাবি, ভিডিয়োতে দেখতে পাওয়া ব্যক্তি বিজেপির কর্মী নন এবং রাজনৈতিক উদ্দেশ্যে বিরোধীরা চক্রান্ত করে বিজেপিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। তবে পুরো বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছে স্থানীয় ব্লক প্রশাসন। প্রশাসন সূত্রে জানানো হয়েছে যে জমা পড়া অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
