নন্দীগ্রামে শুরু হয়ে গেল ভোট গ্রহণ! – এবেলা

এবেলা ডেস্কঃ
রাজনৈতিক দলগুলোর তীব্র প্রচারের ব্যস্ততার মাঝেই নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনে এক ধাপ এগিয়ে ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু করে দিল নির্বাচন কমিশন। আগামী ৬ অক্টোবরের নির্বাচনকে সামনে রেখে প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটারদের জন্য বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহের কাজ শুরু করেছে প্রশাসন। নির্বাচন কমিশনের নিয়ম মেনে আবেদন জানানো ভোটারদের তালিকা অনুযায়ী কমিশন নির্দেশিত পদ্ধতি মেনেই এই হোম ভোটিং পরিচালিত হচ্ছে। পোলিং অফিসার নীলাদ্রি শেখর পন্ডা জানিয়েছেন, পূর্ব প্রস্তুত তালিকা অনুসারেই আধিকারিকরা সরাসরি পৌঁছে যাচ্ছেন ভোটারদের দুয়ারে। বুথে যেতে আসামর্থ আভারানী ও প্রসেনজিৎ পট্টনায়কের মতো স্থানীয় অসুস্থ বাসিন্দারা কমিশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে অত্যন্ত সন্তোষ প্রকাশ করেছেন।
অন্যদিকে নন্দীগ্রামে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে এলাকা জুড়ে ইতিমধ্যেই টহলদারি শুরু করে দিয়েছে মোতায়েন হওয়া কেন্দ্রীয় বাহিনী। ভোটগ্রহণের ঠিক দুই দিন আগে ভোটারদের সুরক্ষায় নন্দীগ্রামে আরও অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনীর জওয়ান মোতায়েন করা হবে বলে প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে।
