বিশেষভাবে সক্ষমদের জন্য বড় উদ্যোগ বিধানসভায়! সৌরবিদ্যুৎ থেকে রাজারহাটে নতুন ভবন, জানুন আর কী বদল আসছে

সমাজের বিশেষভাবে সক্ষম নাগরিকদের বিধানসভায় যাতায়াত এবং বসার প্রক্রিয়া আরও সহজ করতে বড় পদক্ষেপ গ্রহণ করছে বিধানসভা সচিবালয়। তাঁদের যাতে কোনো ধরনের অসুবিধা না হয়, সেই বিষয়টি নিশ্চিত করতেই এই বিশেষ উদ্যোগ। এর পাশাপাশি, বিদ্যুৎ খরচ কমাতে বিধানসভা চত্বরে শীঘ্রই কার্যকর হতে চলেছে আধুনিক সৌরবিদ্যুৎ ব্যবস্থা। এমনকি, রাজারহাট-নিউটাউন এলাকায় বিধানসভার প্রস্তাবিত নতুন ভবনের জন্য নির্ধারিত জমি এবং প্রয়োজনীয় পরিকাঠামো খতিয়ে দেখতে খুব শীঘ্রই শুরু হতে চলেছে সরেজমিন পরিদর্শন।
সম্প্রতি বিদেশ সফরে গিয়ে ব্রিটিশ পার্লামেন্টের পরিকাঠামো ঘুরে দেখেছেন বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বসু। এই সফরের অভিজ্ঞতা থেকেই বিধানসভায় একাধিক নতুন সংস্কার ও পরিবেশবান্ধব উদ্যোগ নেওয়া হয়েছে। স্পিকার ঘোষণা করেছেন, এখন থেকে প্রতিটি মনীষীর জন্মদিনে দুটি করে বৃক্ষরোপণ করা হবে, যার সূচনা হয়েছে মহাত্মা গান্ধীর জন্মদিনে। পাশাপাশি, ব্রিটিশ পার্লামেন্টের মতো ভিজিটর পাসের রঙের প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তুলেছেন, একই রঙের কার্ড এ রাজ্যে ছাপা হলে কেন রাজনৈতিক বিতর্ক তৈরি হয়?
