নভেম্বরেও লম্বা ছুটির বড় ধাক্কা, সরকারি কর্মীদের মিলবে ১১ দিনের সরকারি ছুটি

অক্টোবরে উৎসবের মরশুমের রেশ কাটতে না কাটতেই রাজ্য সরকারি কর্মীদের জন্য চলে এল আরও এক সুখবর। দুর্গাপুজো ও লক্ষ্মীপুজোর দীর্ঘ ১৭ দিনের বিরতির পর নভেম্বরেও কাজের দিন কম থাকছে সরকারি দপ্তরগুলোতে। নবান্নের প্রকাশ করা ছুটির তালিকা অনুযায়ী, আগামী মাসে মোট ১১ দিন বন্ধ থাকবে রাজ্য সরকারি অফিস, কাছারি, স্কুল ও কলেজগুলো। ফলে পুজোর আবহের পর নভেম্বরের শুরুতেও পুরোপুরি ছুটির আমেজ বজায় থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের কর্মজীবনে।
৩০ দিনের নভেম্বর মাসে কালীপুজো, ভাইফোঁটা, দীপাবলি, জগদ্ধাত্রী পুজো এবং ছটপুজোর মতো একগুচ্ছ উৎসবের কারণে সরকারি কর্মীদের জন্য এই ছুটি বরাদ্দ করা হয়েছে। ছুটির তালিকার মধ্যে ৫টি রবিবার অন্তর্ভুক্ত রয়েছে। ক্যালেন্ডার অনুযায়ী, ৯ নভেম্বর থেকে ১১ নভেম্বর কালীপুজো ও দীপাবলির টানা তিনদিনের ছুটি মিলবে। পাশাপাশি ১৫ ও ১৬ নভেম্বর ছটপুজো এবং ২৪ নভেম্বর গুরু নানক জয়ন্তী উপলক্ষ্যে রাজ্য সরকারি কাজ পুরোপুরি বন্ধ থাকবে।
