মাঝ আকাশে কুঠারের কোপ খেয়েও প্রাণ বাঁচালেন ১৭০ জনের, নায়ক ভারতীয় পাইলটকে বিশেষ দরবারে নেতানিয়াহুর বড় ডাক – এবেলা

এবেলা ডেস্কঃ
দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের বিমানে মাঝ আকাশে এক চরম বিপর্যয় রুখে দিলেন ভারতীয় পাইলট স্মিত মাচ্ছর। ককপিটের ভেতরে সহ-পাইলট হামাম আল হামামি জরুরি কাজে ব্যবহৃত কুঠার দিয়ে আচমকাই স্মিতের মাথায় একাধিকবার আঘাত করে এবং বিমানটি দ্রুত নীচের দিকে নামতে শুরু করে। প্রচণ্ড রক্তপাত ও চোখে অস্পষ্ট দেখার পরেও অদম্য সাহসের পরিচয় দিয়ে স্মিত ককপিটের দরজা খুলে দেন। ফলে যাত্রী ও বিমানকর্মীরা দ্রুত ভেতরে ঢুকে হামলাকারী সহ-পাইলটকে কাবু করেন এবং অন্য দুই পাইলট সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটির জরুরি অবতরণ করান। স্মিতের এই অভূতপূর্ব তৎপরতায় ১৭০ জন যাত্রীর জীবন রক্ষা পায়।
এই অসামান্য বীরত্বের জন্য আন্তর্জাতিক মহলে প্রশংসায় ভাসছেন চিকিৎসাধীন স্মিত মাচ্ছর। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর সাহসিকতার ভূয়সী প্রশংসা করেছেন। অন্যদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফোনে স্মিতকে ভারত, ইজরায়েল ও সমগ্র বিশ্বের ‘নায়ক’ হিসেবে আখ্যা দেন। আগামী ইজরায়েলের স্বাধীনতা দিবসে প্রথা ভেঙে এই বীর ভারতীয় পাইলটকে বিশেষ সম্মাননা ও মশাল জ্বালানোর জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি। পাশাপাশি উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য প্রধানমন্ত্রী মোদীকেও আহ্বান জানানো হয়েছে। এই মর্মান্তিক হামলার ঘটনার তদন্ত চালাচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং সাময়িকভাবে পরিষেবা স্থগিত রেখেছে বিমান সংস্থাটি।
